চেক প্রত্যাখ্যানের মামলায় অভিনেতা আহমেদ শরীফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার এ আদেশ দেন। গতকাল এ মামলায় আহমেদ শরীফের বিরুদ্ধে দেওয়া সমন প্রতিবেদন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আহমেদ শরীফের বিরুদ্ধে সমন জারি হওয়ার পরও তিনি আদালতে হাজির না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরোয়ানা জারির আদেশ দেন। আদালত সূত্র জানায়, চলতি বছরের ৫ মার্চ ব্যবসায়ী মোশারফ হোসেন চেক প্রত্যাখ্যানের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, আহমেদ শরীফের কাছে বাদী মোশারফ হোসেন ১ লাখ ৬৭ হাজার টাকা পাওনা ছিলেন। টাকা পরিশোধের জন্য আহমেদ শরীফ ইস্টার্ন ব্যাংকের একটি চেক দেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যাংকে টাকা নগদায়ন না হয়ে চেকটি প্রত্যাখ্যাত হয়।