আহলে সুন্নাত ওয়াল জমা’আতের বিক্ষোভ
চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব জালালুদ্দীন আল কাদেরীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় বিক্ষোভ করেছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সমর্থকেরা। গত শুক্রবার জুমার নামাজের পর খতিব জালালুদ্দীন আল কাদেরীকে লাঞ্ছিত করেন হেফাজতে ইসলামের সমর্থকেরা।খতিবের ওপর হামলার প্রতিবাদে আগামী শনিবার লালদীঘি ময়দানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এর আগে আগামীকাল সোমবার বিকেলে হাটহাজারীর বাসস্ট্যান্ডে, বুধবার প্রতিটি উপজেলা সদরে ও বৃহস্পতিবার জেলা সদরে মানববন্ধন এবং শুক্রবার প্রতিটি মসজিদে খুতবার মাধ্যমে আল্লাহর ঘর রক্ষার জন্য দোয়া করা হবে।গতকাল চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের বক্তারা বলেন, হেফাজতে ইসলামের অনেক নেতা আফগান-ফেরত, যাঁরা তালেবান আদর্শে বিশ্বাসী। এ দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কখনো বাংলাদেশকে জঙ্গিদের ঘাঁটি হতে দেবে না। আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সমন্বয়কারী এম এ মতিন প্রথম আলোকে বলেন, ‘হেফাজতে ইসলাম শানে রেসালত সম্মেলনের নামে মসজিদের মেহরাবে শুক্রবার জুতা মেরেছে। এই মেহরাবে আমাদের রাসুল খুতবা পড়তেন। আল্লাহর ঘরের ভেতরে জুতা নিক্ষেপ করে তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরা জানি না।’ভবিষ্যতে জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ ও এর আশপাশে হেফাজতে ইসলামকে সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আতের নেতারা। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ আহ্বান জানান। এতে লিখিত বক্তব্য পড়েন আহলে সুন্নাতের সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার। হেফাজতে ইসলামের ব্যাখ্যাজমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের খতিব জালালুদ্দীন আল কাদেরীকে লাঞ্ছিত করা, সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে গতকাল শনিবার ব্যাখ্যা দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল পাঠানো বিবৃতিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘গত ২৬ এপ্রিল চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে খতিব জালালুদ্দীন আল কাদেরীর সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিছু দুর্বৃত্ত হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ ১৩ দফার আন্দোলনকে কলুষিত করতে খতিবের ওপর হামলার চেষ্টা করে। এ সময় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুঈনুদ্দীন রুহী, কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দীন নানুপুরী, মুজাম্মেল হক, আবু তাহের আরবী এবং আমি দুর্বৃত্তদের প্রতিহত করে খতিব সাহেবকে নিরাপত্তা দিয়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে পৌঁছিয়ে দিয়েছিলাম। এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। এতে হেফাজতে ইসলামের কোনো নেতা-কর্মী জড়িত ছিলেন না।’