কওমি সনদের স্বীকৃতির সিদ্ধান্তে বৈষম্যমূলক শিক্ষানীতি সৃষ্টি হবে
আহলে সুন্নাতের প্রধান সমন্বয়ক
ভোটের রাজনীতি করতে গিয়ে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মওলানা এম এ মতিন। তিনি বলেন, কওমি সনদের সরকারি স্বীকৃতির সিদ্ধান্তের ফলে বৈষম্যমূলক শিক্ষানীতি সৃষ্টি হবে। সরকারের এই স্বীকৃতি বাতিলের দাবিতে দেশব্যাপী আন্দোলনের পাশাপাশি উচ্চ আদালতে রিট করবেন তাঁরা।
কওমি মাদ্রাসার শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি বাতিলের দাবিতে গতকাল সোমবার দুপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির মানববন্ধন ও সমাবেশে এম এ মতিন এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের বিবিরহাট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আহলে সুন্নাতের ছাত্রসংগঠন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ শাহজালাল সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন নবী, মওলানা মুহাম্মদ ইউনুচ রিজভী, মুহাম্মদ মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা আহমদুল হক, রেজাউল করিম তালুকদার প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এম এ মতিন বলেন, সরকারের বর্তমান শিক্ষানীতি যথেষ্ট ত্রুটিপূর্ণ। সরকার হেফাজতের সঙ্গে আপস করেছে।
এর আগে গত ১৫ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবে কওমি মাদ্রাসার শিক্ষাসনদের সরকারি স্বীকৃতি বাতিলের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটি সংবাদ সম্মেলন করে। ওই দিন তারা জেলা ও উপজেলায় সোমবার ও মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশের ডাক দেয়। এর অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় এবং চন্দনাইশ, হাটহাজারী, রাউজান উপজেলায় মানববন্ধন করা হয় বলে জানান সমন্বয় কমিটির সদস্যসচিব মোছায়েব উদ্দিন বখতিয়ার। একই দাবিতে আজ মঙ্গলবারও চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।