আহলে সুন্নাতের সভা শফীর বক্তব্য ইসলাম ও সংবিধানবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আহমদ শফীর বক্তব্য ইসলাম ও সংবিধানবিরোধী। নিঃসন্দেহে অশালীন, ভদ্রতাবিবর্জিত ও কুরুচিপূর্ণ। এভাবে সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্ত, কোরআন-সুন্নাহর অপব্যাখ্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রীয় আইনে কার্যকর ব্যবস্থা নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জমা’আত আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘ইসলামে নারীর মর্যাদা ও আহমদ শফীর বক্তব্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ওবায়দুল হক নঈমী। মূল বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সদস্য কাজী মইনুদ্দীন আশরাফী। সভাপতিত্ব করেন মুফতি ইদ্রিস রজভি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান সমন্বয়ক এম এ মতিন, এম এ মান্নান, স উ ম আবদুস সামাদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আহমদ শফীর বক্তব্যের সমালোচনা করে বলেন, আহমদ শফী নারীদের উচ্চশিক্ষা গ্রহণ, নারী চিকিৎসক হওয়া এবং পোশাকশিল্পে নারীদের অংশগ্রহণের বিষয়ে সম্পূর্ণ নেতিবাচক বক্তব্য পেশ করেছেন। মূলত আহমদ শফী ও হেফাজতিরা নারীবিদ্বেষী। তারা ইসলাম প্রদত্ত নারী অধিকার ও মর্যাদা স্বীকার করতে চায় না। ইসলামের ইমান-আকিদার সঙ্গে যে তাদের সাংঘর্ষিক অবস্থান, তা বিভিন্ন সময়ে স্পষ্ট হয়ে উঠেছে তাদের বক্তব্য, লেখনী ও বিকৃত তৎপরতার মাধ্যমে।