আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী নিয়ে বিভ্রান্তিমূলক খবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী নিয়ে গতকাল শনিবার একাধিক অনলাইন পত্রিকায় বিভ্রান্তিমূলক খবর প্রকাশের অভিযোগ উঠেছে। খবরে বলা হয়েছে, আহসান উল্লাহ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে সাংসদের কবরে পুষ্পার্ঘ অর্পণ, মিলাদ-দোয়া, কালো পতাকা ধারণ এবং বিকেল চারটায় ঢাকার ডিআইটি এভিনিউয়ের রাজউক মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। ওই আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ প্রধান অতিথি এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিশেষ অতিথি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা। এ ধরনের খবরে বিস্ময় প্রকাশ করে আহসান উল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ আহসান গতকাল গণমাধ্যমকর্মীদের বলেন, তাঁর বাবার মৃত্যুবার্ষিকী ৭ এপ্রিল (গতকাল) নয়, ৭ মে। আর দিবসটি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোনো অনুষ্ঠানের আয়োজন বা কর্মসূচি পালন করা হবে না। এ ধরনের খবর প্রকাশের ব্যাপারে আরও পেশাদারিত্বের পরিচয় দিতে ও যত্নবান হওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি। আহসান উল্লাহ মাস্টার ২০০৪ সালের ৭ মে দুপুরে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চবিদ্যালয়ের মাঠে এক সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।