আহসান হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা উজিরপুর বিএনপির
বরিশাল জেলা বিএনপির সভাপতি ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আহসান হাবিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উজিরপুর উপজেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আহসান হাবিবের কর্মকাণ্ডকে সংগঠনবিরোধী উল্লেখ করে তাঁকে উজিরপুর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
উজিরপুর উপজেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. মন্নান মাস্টার, সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম খান, রাজ্জাক সরদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আহসান হাবিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান উজিরপুরে অবৈধভাবে পৌর কমিটি ঘোষণা করেছেন। তাঁরা বিতর্কিত উপজেলা যুবদলের ব্যানারে সভা, সমাবেশ ও সংবর্ধনার মাধ্যমে দলকে বিভক্ত করছেন। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
গত সোমবার আহসান হাবিবের সংবর্ধনা নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা ও রাবার বুলেট নিক্ষেপ করে।