আহসান হাবিবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের প্রধান নির্বাচনী এজেন্ট কে বি এস আহমেদ কবির রিটার্নিং কর্মকর্তা মো. মজিবর রহমানের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার এক সমাবেশে আহসান হাবিবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শওকতের ব্যক্তিগত চরিত্র হনন এবং ধর্মানুভূতিতে আঘাত লাগে এমন বক্তব্য দিয়ে আচরণবিধি লঙ্ঘনে নতুন মাত্রা যোগ করেছেন। অশ্বিনী কুমার হলের পাশে ওই সমাবেশে আহসান হাবিব যে গাড়িতে এসেছিলেন, তার সামনে লাগানো ছিল তাঁর আনারস প্রতীক-সংবলিত চাররঙা পোস্টার; যা আচরণবিধির লঙ্ঘন। অবশ্য মঙ্গলবারের সমাবেশ সম্পর্কে মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘এটি নির্বাচনী সমাবেশ নয়, স্বেচ্ছাসেবক দলের সঙ্গে মতবিনিময় সভা। বেশি লোকসমাগম হওয়ায় আমরা বাধ্য হয়ে সভাটিকে কার্যালয়ের বাইরে এনেছি এবং একটি মাইকও ব্যবহার করেছি।’ গাড়িতে চাররঙা পোস্টারের বিষয়ে আহসান হাবিব বলেন, ‘আসলে প্রতীক বরাদ্দের আগেই শুভানুধ্যায়ীরা কয়েকটি পোস্টার ছাপিয়ে ফেলেছিলেন। সেই পোস্টারগুলোর দুটি ভুলবশত আমার গাড়িতে লাগানো হয়েছিল।’ এটাকে আচরণবিধির অনিচ্ছাকৃত লঙ্ঘন দাবি করে তিনি বলেন, ইতিমধ্যে ওই পোস্টার তুলে ফেলা হয়েছে।