আহসানউল্লাহ মাস্টারের হত্যা মামলার রায় কার্যকরের দাবি
গাজীপুরে শ্রমিকনেতা আহসানউল্লাহ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আওয়ামী লীগের সাবেক এই সাংসদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুর ও টঙ্গীতে কালো পতাকা উত্তোলন, মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, গণভোজ ও স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় বক্তারা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানান।২০০৪ সালের ৭ মে দুপুরে টঙ্গীতে নিজ বাসভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সন্ত্রাসীদের গুলিতে আহসানউল্লাহ মাস্টার নিহত হন। এ ঘটনায় তাঁর ছোট ভাই মতিউর রহমান বাদী হয়ে মামলা করেন। ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ মামলার রায়ে ৩০ আসামির মধ্যে ২২ জনকে ফাঁসি, ছয়জনকে যাবজ্জীবন ও দুজনকে খালাস দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের অন্যতম হচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানউদ্দিন সরকারের ছোট ভাই নূরুল ইসলাম সরকার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনিসহ ১৮ জন কারাবন্দী, বাকি ১০ জন পলাতক।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার ভোর থেকে নিহত আহসানউল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি সদর উপজেলার হায়দরাবাদে সাধারণ মানুষের ঢল নামে। অন্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শহীদুল্লাহ, সহ-উপাচার্য মো. আবু সাইদ খান, অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন্র সংগঠনের পক্ষ থেকে আহসানউলাহ মাস্টারের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে আহসানউলাহ মাস্টারের কবরসংলগ্ন মাঠে সাংসদ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আরও বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, সাংসদ মেহের আফরোজ প্রমুখ।স্মরণসভায় মাহবুব উল আলম বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার তাদের পাঁচ বছরের শাসনামলে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে আহসানউল্লাহ মাস্টার, শাহ এ এম এস কিবরিয়া, মঞ্জুরুল ইমাম, মমতাজউদ্দিনসহ ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। আহসানউল্লাহ মাস্টারকে বিএনপি হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িত যাঁদের সাজা হয়েছে, তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী। অথচ শাহ এ এম এস কিবরিয়া ও আহসানউলাহ মাস্টার হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সব হত্যাকাণ্ড আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল বলে চারদলীয় জোট চরম মিথ্যাচার করেছে। তিনি বলেন, আদালতের নির্দেশে ২০০১ নির্বাচন-পরবর্তী হত্যা, ধর্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ড তদন্তে বিএনপি দায়ী বলে প্রমাণিত হলেও তারা তা প্রত্যাখ্যান করছে। এসব মিথ্যাচারের জন্য বেগম খালেদা জিয়া ও তাঁর নেতাদের জাতি ও নারী সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত।