আহসানের চার কর্মী আটক, গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গতকাল বুধবার রাতে মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করার সময় চারজন নারীকে আটক করা হয়। তাঁদের ছাড়িয়ে নিতে গিয়ে ধস্তাধস্তির সময় পুলিশের গুলিতে অপর মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের এক সমর্থক আহত হয়েছেন।

আহত বিএনপির কর্মী মো. হারুন বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করার সময় চারজনকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসাতে চান বিচারক। খবর পেয়ে মেয়র পদপ্রার্থী আহসান হাবিব নেতা-কর্মীদের নিয়ে সেখানে হাজির হলে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যেতে চাইলে একটি গুলি করা হয়। এতে একজন আহত হন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়—এমন কিছু প্রচারপত্র বিলি করছিলেন এক মেয়র পদপ্রার্থীর সমর্থক চার নারী। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ওই নারীদের আটক করি। খবর পেয়ে মেয়র পদপ্রার্থী আহসান হাবিব ঘটনাস্থলে আসেন। এরপর শুরু হয় ধস্তাধস্তি। তাই সেখানে আদালত বসানো সম্ভব হয়নি। ধস্তাধস্তির একপর্যায়ে একটি গুলি বেরিয়ে যায়। তবে এতে কেউ আহত হয়েছেন কি না আমরা জানি না। কারণ, তখন আটককৃত চারজনকে নিয়ে আমরা রওনা হয়েছি। তাঁদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এখানেই এখন আদালত বসবে।’