আহা, কী আনন্দ কিআনন্দে!
প্রবল বৃষ্টি উপেক্ষা করে কিআনন্দ উৎসবে আনন্দে মাতল শিশু-কিশোরেরা। প্রিয় ম্যাগাজিন কিশোর আলোর চতুর্থ জন্মদিনের অনুষ্ঠান বলে কথা। বৃষ্টি কি আর ওদের আটকাতে পারে? কিআ’র মাঝে বাঁধা পড়েছে ওদের হিয়া। তাই তো সকাল থেকেই দুদ্দাড় করে সবাই হাজির।

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে ছাতা মাথায় উপস্থিত অগণিত কিশোর-কিশোরী। সকাল সাড়ে ৮টার দিকে সুরসপ্তকের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সঙ্গে ছিলেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মান্নান ভুঁইয়া, সংগীতশিল্পী মিনার।

উদ্বোধনী বক্তব্যে জামিলুর রেজা চৌধুরী পড়াশোনার পাশাপাশি শিল্পসাহিত্য ও সংস্কৃতিচর্চার ওপর জোর দেন। এরপরই গল্প বলেন মাহমুদা আক্তার। আকর্ষণীয় ছিল অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে শিশু-কিশোরদের প্রশ্নোত্তর পর্ব। লেখালেখির ওপর কর্মশালায় উপস্থিত ছিলেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, বার্তা পরিকল্পনা সম্পাদক শিবব্রত বর্মন ও সহকারী ক্রীড়া সম্পাদক রাজীব হাসান।

কিআনন্দে জমজমাট আনন্দ হয় আয়মান সাদিকের অধিবেশনে। তিনি শিশুদের সবার মুখে হাসি ফোটানোর কিছু উপায় শিখিয়ে দেন। এরপরই ছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার শিশু-কিশোরদের মুখোমুখি হওয়ার অনুষ্ঠান। মোস্তফা সরয়ার ফারুকী শিশুদের নিজের মতো করে গল্প বলার ওপর জোর দেন। তিশা অভিনয়ের সময় চরিত্রের মতো করে নিজেকে ভাববার কথা বলেন। এরপর চিরকুট ব্যান্ডের পরিবেশনা হয়।

নানা মজার স্টলে সারা দিন ধরে ছিল উপচানো ভিড়। ছড়া পড়ে শোনান ছড়াকার আখতার হুসেন। ছিলেন জাদুকর রাজীব বসাক।

প্রবল বৃষ্টির কারণে গণিত ও ভাষা নিয়ে দুটো কর্মশালা হতে পারেনি।

দুপুর সোয়া ১২টার দিকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গণিত ও ভাষা নিয়ে দুটো কর্মশালা অচিরেই আয়োজন করা হবে বলে সবাইকে জানিয়েছেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক।

কিআনন্দ ঢাকার অনুষ্ঠানে সহযোগিতা করেছে পেপসোডেন্ট ও এক্সিম ব্যাংক। সম্প্রচার সহযোগী চ্যানেল আই।