আহাজারি থামছে না হাফিজুরের মায়ের

অনবরত কেঁদে যাচ্ছেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর মোল্লার (১৯) মা হালিমা বেগম। কখনো উচ্চ স্বরে, কখনো বা নীরবে। সঙ্গে আকুলিবিকুলি বিলাপ, ‘আমারে ছাইড়া কোথায় গেলি, বাবা। আমি কী নিয়ে বাঁচব। তুই আমার ব্যাংক, তুই আমার ডিপিএস।’
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে হাফিজুরের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাফিজুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ‘বড় ভাই’দের মাধ্যমে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ওঠেন। তাঁকে হলের বারান্দায় থাকতে হতো, শীতের রাতে যেতে হতো রাজনৈতিক কর্মসূচিতে। এতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মারা যান হাফিজুর। শনিবার ও রোববার এ নিয়ে প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর গতকাল ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুজ্জামান ও সদরপুর থানার সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার হোসেন হাফিজুরের বাড়িতে যান। তাঁরা জেলা প্রশাসনের পক্ষ থেকে হাফিজুরের পরিবারকে ১০ হাজার টাকা সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন।
হাফিজুরের বাবা ইসহাক মোল্লা বলেন, এলাকার লোকজন সংসারের ভবিষ্যৎ চিন্তা করে হালিমা বেগমকে ব্যাংকে ডিপিএস (ডিপোজিট পেনশন স্কিম) খোলার প্রস্তাব দিতেন। হালিমা বেগম ছেলে হাফিজুরকে দেখিয়ে বলতেন, ‘ও-ই আমার ব্যাংক,
ও-ই আমার ডিপিএস। আমার আর চিন্তা কী?’
প্রতিবেশী শাহীনুর বেগম জানান, পাঁচ দিন ধরে একরকম না খেয়ে আছেন হালিমা বেগম। বাড়িতে চুলা জ্বলেনি। এক মুঠ বা দুই মুঠের বেশি ভাত মুখে নেন না তিনি। এখনো তিনি বিশ্বাস করেন, তাঁর ছেলে হাফিজুর বেঁচে আছেন। গাড়ি চলাচল বা ভেঁপুর শব্দ শুনলেই কান খাড়া করে ছুটে আসেন ঘরের বাইরে।
ইসহাক মোল্লা বলেন, ‘ওই সময় হাফিজুরের মাকে সামলানো কষ্টকর হয়ে পড়ে। কীভাবে বোঝাব, হাফিজুর আর ফিরে আসবে না।’
মৃত্যুর পাঁচ দিন পরও হাফিজুরের স্মৃতির মাঝে ডুবে আছে অসহায় পরিবারটি। হাফিজুরের ছবি, বিভিন্ন পরীক্ষায় পাওয়া সনদ, ২০১৩ সালে এসএসসি পরীক্ষার জিপিএ-৫ পাওয়ায় প্রথম আলোর দেওয়া ক্রেস্ট—এগুলোর দিকে তাকিয়ে থাকেন আর কান্নায় ভেঙে পড়েন হাফিজুরের বাবা ও মা। এই কান্নায় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরাও আবেগে বিহ্বল হয়ে পড়েন। তাঁরাও সংবরণ করতে পারেন না চোখের জল। হাফিজুর পরিবারের একমাত্র সন্তান ছিলেন।
গতকাল হাফিজুরের বাসায় ছুটে আসেন বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেফালী বেগম। ওই স্কুলেই পড়তেন হাফিজুর। শেফালী বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন হালিমা বেগম।
শেফালী বেগম বলেন, ‘হাফিজুর অত্যন্ত মেধাবী ছিল। নবম শ্রেণি থেকে ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি সে। আর্থিক অবস্থা বিবেচনা করে তাকে বিনা পয়সায় পড়ার সুযোগ করে দেওয়া হয়। পরে একই সুযোগ করে দেওয়া হয় সদরপুর সরকারি কলেজে পড়ার ক্ষেত্রেও।’
সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরোয়ার হোসেন বলেন, সোমবার (আজ) সদরপুরের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন অনুদানের টাকা হাফিজুরের পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, হাফিজুরের পরিবার যাতে ভবিষ্যতে সচ্ছল থাকে, সে জন্য প্রশাসনের উদ্যোগে সদরপুরে দোকান করার জন্য তাঁর বাবাকে জমি দেওয়া হবে, সেই জমির ওপর একটি দোকানও নির্মাণ করে দেওয়া হবে।