আহাজারি থামেনি রাসেলের মায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় কেউ গেলে তাঁকে জড়িয়ে ধরে, সুর করে কাঁদতে কাঁদতে রাসেলের গল্প বলতে শুরু করে দেন মা পারভীন বেগম। গলা ভেঙে গেছে। ‘আমার বাজানরে মাইরা ফালাইলো, আমি আপনাগোর কাছে বিচার চাই’—কথার মাঝেই বারে বারে বলছেন এই কথা।শুক্রবার দুপুরে ধনী পরিবারের মেয়ের সঙ্গে ‘প্রণয়ের অপরাধে’ খুন হওয়া রাসেলের বাড়িতে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। এই প্রতিবেদক রাসেলদের বাঁশবাড়ীর চালাঘরে যাওয়ার পর রাসেলকে নিয়ে গল্পের ঝাঁপি খুলে বসেন মা পারভীন। কীভাবে রাসেল স্কুল ছেড়ে গ্যারেজে কাজ নিল, তারপর সোয়েটার কারখানায়। কীভাবে বর্ষার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠল এসব। তিনি বলতে থাকেন, ‘আমরা অনেক নিষেধ করছি, শুনে নাই, মাথা ছুঁইয়া কসম কাটাইছি, তাও বর্ষারে ছাড়ে নাই। বর্ষারেও কইছি তুমার লগে চললে তুমার চাচারা আমার পোলারে মাইরা ফালাইব। তবুও বর্ষা শুনে নাই। এখনো আমার বাজানরে মাইরা ফালাইলো। আপনারা বিচার করবেন।’মোহাম্মদপুরের প্রভাবশালী লাট মিয়া পরিবারের মেয়ে বর্ষা, আর রাসেল গার্মেন্টসকর্মী। বর্ষার সঙ্গে প্রেমের অপরাধেই মঙ্গলবার রাতে বাসা থেকে ধরে নিয়ে তাঁকে পিটিয়ে মেরে ফেলেন বর্ষার চাচারা। এ ঘটনায় বর্ষার বাবা সেলিম মিয়া বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।একজন গ্রেপ্তার...মোহাম্মদপুর থানার অপারেশন কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে কাটাসুর এলাকা থেকে বর্ষার চাচা মোজাম্মেল হক বুলুকে (৩২) গ্রেপ্তার করা হয়। বুলু মামলার এজাহারভুক্ত আসামি। মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে বলে তিনি জানান। বাকি আসামিদের খোঁজে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।