আহাম্মদ হোসেন হত্যা মামলার তদন্তভার ডিবিতে
ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা আহাম্মদ হোসেনের হত্যাকারীদের পুলিশ গত চার দিনেও গ্রেপ্তার করতে পারেনি। এ অবস্থায় গতকাল শুক্রবার এই হত্যা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দেওয়া হয়েছে। ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহবুব আলম প্রথম আলোকে বলেন, গতকাল দায়িত্ব পাওয়ার পর হত্যাকাণ্ডের সম্ভাব্য কয়েকটি কারণ চিহ্নিত করে ডিবি তদন্ত শুরু করেছে। এর মধ্যে আছে জমিজমা ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে বিরোধ, ব্যবসায়িক শত্রুতা ও পুরান ঢাকার শীর্ষস্থানীয় চাঁদাবাজ ডাকাত শহীদের হুমকি। গতকাল আসরের নামাজের পর নিহত কাউন্সিলর আহাম্মদের হাজি ওসমান গনি রোডের ঢাকা টাওয়ার মার্কেটের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার মেয়র সাদেক হোসেন, মির্জা আব্বাসসহ নেতা-কর্মী, এলকাবাসী ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন। নিহতের ভাই মাকসুদ হোসেন অভিযোগ করেন, পুলিশ গত চার দিনে হত্যায় জড়িত একজনকেও গ্রেপ্তার করেনি। উল্টো হত্যার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঠেকাতে পুলিশ তত্পর রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় সাংসদও আসেননি একবারের জন্য। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেখে মনে হয় সরকার দেশবাসীর নয়, শুধুই আওয়ামী লীগের। গত মঙ্গলবার হাজি ওসমান গনি রোডের বড় মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা আহাম্মদ হোসেনকে গুলি করে হত্যা করে। ঢাকায় ২০০২ সাল থেকে এ পর্যন্ত সন্ত্রাসীদের হাতে বিএনপি সমর্থিত পাঁচজন ওয়ার্ড কাউন্সিলর খুন হন।