আহ্ রোদ!
শেষ কবে রোদের দেখা মিলেছিল, পাবনার বেড়াবাসীর অনেকেরই হয়তো মনে নেই। তীব্র শীতের পাশাপাশি সূর্যের দেখা না মেলায় এক সপ্তাহের বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন সবাই। এ অবস্থায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঝলমলে রোদের দেখা মিলল। সবার মাঝে যেন স্বস্তি নামল। অনেকেই ব্যস্ত হয়ে পড়লেন কাপড়চোপড় ধুতে, কেউ বা ব্যস্ত লেপ-কাঁথাসহ শীতবস্ত্র রোদে দিতে।
জানা যায়, এক সপ্তাহের বেশি সময় রোদ না ওঠায় সবচেয়ে বিপদে পড়েছিল ছোট বাচ্চা আছে এমন পরিবারগুলো। বাচ্চারা কাপড়চোপড় ভিজিয়ে ফেলায় কয়েক দিন ধরে সেগুলো শুকানো যাচ্ছিল না। অতিরিক্ত জামাকাপড় ও লেপ-কাঁথা না থাকায় দরিদ্র পরিবারের মায়েরা অস্থির হয়ে উঠেছিলেন সন্তানদের শীতের হাত থেকে বাঁচানোর উপায় খুঁজতে। গতকাল রোদ ওঠায় এসব মায়ের মুখে হাসি ফুটে ওঠে।
বেড়া পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লার ফুলমালা বলেন, ‘ভিজা কাপড়চোপড়ের মধ্যে বাচ্চা দুইড্যার আমার ঠান্ডা লাইগ্যা গেছে। ওগরে কষ্ট দেইখ্যা চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার ছিল না। অথচ আইজ রইদ দেইখ্যা খুবই ভালো লাগত্যাছে।’ একই মহল্লার শিরি বেগম (৪০) বলেন, ‘রইদ না ওঠায় ঘরের কাপড়চোপড়, লেপ-কাঁথা গন্ধ হয়া গেছে। আইজ সবকিছু রইদে দিছি।’