আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ৪৯তম বিজয় দিবস উদযাপিত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় রাজধানীতে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এইচ খান অডিটরিয়ামে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর মো. আমানউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী রফিকুল আলম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক এম এইচ খান, আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং ফ্যাকাল্টির ডিন এম এ মোক্তাদির, প্রকৌশল ফ্যাকাল্টির ডিন আবদুর রহিম মোল্লা।
বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন বক্তারা। মহান মুক্তিযুদ্ধের পেক্ষাপট ও পাকিস্তানি হানাদারদের খুন-হত্যা, ধর্ষণের ভয়াবহতার কথা ফুটে ওঠে অতিথিদের কণ্ঠে। বিজয় দিবস নিয়ে আরও আলোকপাত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক শারমিন রেজা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আমিরুল আলম খান, প্রক্টর অধ্যাপক মো. হামিদুর রহমান খান প্রমুখ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অফিসপ্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ের গান ও নৃত্যের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি