ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে করা মামলায় আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রশীদ ফেরদৌসকে গতকাল বুধবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
তেজগাঁওয়ের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কয়েক দিন ধরেই ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনের মুখে গত শনিবার তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করা মাহফুজুরকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। এরপর গত মঙ্গলবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন এক ছাত্র।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, মঙ্গলবার রাতে আসাদুল্লাহ আল সায়েম নামের এক প্রাক্তন ছাত্র বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই শিক্ষকের বাসা পান্থপথ এলাকায় হলেও তিনি ইস্কাটনের আরেকটি বাসায় থাকতেন। তাঁর অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) শামীম আহম্মেদ গতকাল মাহফুজুরকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম এম শফিউল্লাহ গতকাল বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের প্রতিবেদন পেলে তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকালও ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
ওই বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রীদের আইনি সহায়তা দিচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার যৌন হয়রানি ও নিপীড়নের শিকার চার ছাত্রী মহিলা পরিষদে আইনগত সহায়তার জন্য আবেদন করেন। মহিলা পরিষদ নির্যাতনের শিকার ছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায় আইনগত সহায়তা প্রদান করে। ভুক্তভোগী ছাত্রীরা জানান, অভিযুক্ত শিক্ষক মাহফুজুর বিভিন্ন সময়ে নিজের বিভাগের বিভিন্ন ছাত্রীকে যৌন হয়রানি করেন। মহিলা পরিষদ এই ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে।