আহ্ছানিয়া মিশন ব্লাড ব্যাংক চালু
সরকারি অনুমোদন নিয়ে কার্যক্রম শুরু করেছে আহ্ছানিয়া মিশন ব্লাড ব্যাংক। ঢাকার মিরপুরে আহ্ছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালে গত বুধবার সকাল ১০টায় কর্মকর্তা-কর্মচারীদের রক্তদানের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।হাসপাতালটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। এখানে সব ধরনের রোগীর পাশাপাশি দরিদ্র ও মুমূর্ষু রোগীদের বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ব্লাড ব্যাংক রোগীদের সেবায় আরও গতি আনবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার (অব.) সৈয়দ ফজলে রহিম বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ প্রতি চার মাস অন্তর রক্তদান করতে পারেন। আর একজন মুমূর্ষু রোগী এক ব্যাগ রক্তের বিনিময়ে নতুন জীবন ফিরে পান। এর চেয়ে উত্তম সেবা আর হতে পারে না।’ পর্যায়ক্রমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হবে। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এ মহতী কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন: প্লট-এম/১/সি মিরপুর-১৪, ঢাকা (ন্যাম কোয়ার্টারের পূর্ব পাশে), ফোন: ৯০০৮৯১৯, ০১৭১৮৫৯৪৬৮২।