খুলনার উন্নয়ন এগিয়ে নিতে হলে এ অঞ্চলের তথ্য ও প্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে হবে। সৌরবিদ্যুতের আধুনিকায়ন ঘটিয়ে প্রত্যেকের ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিতে হবে। গতকাল রোববার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আহসান এসব কথা বলেন। প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নাজমুল আহসান বলেন, ‘প্রশাসক নয়, সেবার মানসিকতা নিয়ে খুলনার উন্নয়ন করতে চাই।’ তিনি খুলনার উন্নয়নকে ত্বরান্বিত করতে খুলনার মানুষকে প্রতিটি কর্মঘণ্টাকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান। সাংবাদিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, ‘সব অনিয়ম ও জনদুর্ভোগ আপনাদের লেখার মাধ্যমে তুলে ধরে সমাজের জন্য অবদান রাখুন। আমি কোনো সংবাদকে নেতিবাচক হিসেবে দেখি না। ওই সংবাদটির মধ্য থেকে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করি।’