আহ্বায়ক অটোরিকশার চাঁদা আদায়কারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গত শুক্রবার ‘আওয়ামী পর্যটন লীগ’ নামের একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে রয়েছেন মাসুদ রানা (২২) নামের এক তরুণ। তাঁর বাড়ি আক্কেলপুর পৌরসভার বিহারপুর মহল্লায়। তাঁর বিরুদ্ধে পৌরসভায় চলাচলকারী অটোরিকশা (ইজি পাওয়ার) থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফেসবুক পোস্টে সংগঠনটির আহ্বায়ক কমিটির গঠনের বিষয়টি জানিয়েছেন। যোগাযোগ করা হলে আতিকুর রহমান বলেন, ‘শুক্রবার সকাল ১০টায় মজিবুর রহমান (এমআর) ডিগ্রি কলেজের একটি কক্ষে আওয়ামী পর্যটন লীগের কমিটি গঠনের জন্য আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আমি ছিলাম ওই সভার প্রধান অতিথি। এ ছাড়া পর্যটন লীগের বগুড়া জেলা শাখার আহ্বায়ক তারেক হাসান শেখ প্রধান বক্তা, বিশেষ অতিথি ছিলেন পর্যটন লীগের জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. শাকিব জাহান সোহেল ও জাহিদ হাসান। সভা শেষে ৫১ সদস্যবিশিষ্ট আক্কেলপুর উপজেলা আওয়ামী পর্যটন লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘আমার জানামতে, পর্যটন লীগ নামে আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন নেই। এই উপজেলায় আওয়ামী পর্যটন লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে শুনেছি। হঠাৎ করে কে কোন উদ্দেশ্য নিয়ে এ কমিটি গঠন করল, সেটি তারাই ভালো জানে।’
সংগঠনের আহ্বায়ক মাসুদ রানাকে গতকাল বিকেলে পৌরসভার নবাবগঞ্জ সেতুর পশ্চিম দিকে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের টোকেন দিয়ে অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায় করতে দেখা যায়।
মাসুদ রানা বলেন, ‘আমি জয়পুরহাট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চাঁদা আদায় করি। উপজেলা আওয়ামী পর্যটন লীগের আহ্বায়ক হয়েছি। এটি আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন। ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন করা হবে।’