খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিন পরই বিদ্রোহ দেখা দিয়েছে। কমিটিতে স্থান না পাওয়ায় সংগঠনের একাংশের নেতা-কর্মীরা ঘোষিত কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন। তবে আহ্বায়ক কমিটির নেতাদের দাবি, কমিটি গঠনে ব্যক্তিবিশেষের হস্তক্ষেপ নেই।বিদ্রোহী অংশের নেতা তানজির আশরাফ, শেখ সরোয়ার হোসেন, এম এম শিপার হায়দার অভিযাগ করেন যুবলীগের নামধারী সন্ত্রাসী, টেন্ডারবাজদের দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে এমন সদস্যও রয়েছেন, যাঁদের কোনো ঠিকানা পর্যন্ত নেই। প্রায় দেড় বছর আগের তিন সদস্যের আহ্বায়ক কমিটির পর আবার আহ্বায়ক কমিটি গঠন অবৈধ ও গঠনতন্ত্রের পরিপন্থী। বিগত দিনে যাঁরা কমিটিতে ছিলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাঁদের কৌশলে বাদ দেওয়া হয়েছে। তাঁরা বলেন, কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে নিজেদের ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য এ কমিটি ঘোষণা করানো হয়েছে।বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা গত মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ ও নগরে বিক্ষোভ মিছিল করেছেন। বিদ্রোহী অংশের অন্যতম নেতা তানজির আশরাফ বলেন, গত মঙ্গলবারের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের পর নগর আওয়ামী লীগের সভাপতি মেয়র তালুকদার আবদুল খালেক তাঁদের দলীয় কার্যালয়ে ডেকে পাঠান। মেয়র তাঁদের দাবির যৌক্তিকতা স্বীকার করে আন্দোলনের কর্মসূচি আপাতত বন্ধ রাখতে বলেন। এ ব্যাপারে কেন্দ্রে কথা বলার আশ্বাসও দিয়েছেন।বিদ্রোহী অংশের দাবি অযৌক্তিক ও সঠিক নয় দাবি করে আহ্বায়ক কমিটির নেতারা বলেছেন, কেন্দ্র তাদের নিজস্ব পর্যবেক্ষণের মাধ্যমে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেছে। বিগত সময়ে যাঁরা আন্দোলন-সংগ্রাম করে দল টিকিয়ে রেখেছেন, তাঁরাই এ কমিটিতে স্থান পেয়েছেন। কমিটির আহ্বায়ক আনিসুর রহমান বলেন, কেন্দ্রীয় কমিটি মনিটরিং সেলের মাধ্যমে খোঁজখবর নিয়ে ও কর্মকাণ্ড মূল্যায়ন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। কমিটিতে বির্তকিত, সন্ত্রাসী, টেন্ডারবাজ বা চাঁদাবাজ কোনো ব্যক্তি নেই। যাঁরা কমিটির বিরুদ্ধে কথা বলছেন, বিগত দিনে তাঁরা কমিটির কোথায় ছিলেন, সেটা দেখতে হবে।