আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কুমিল্লা জেলা আওয়ামী লীগ
২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি তিন সদস্যবিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়। একই বছরের ১২ মে ওই কমিটির সদস্যসংখ্যা বাড়িয়ে ৫৪-তে উন্নীত করা হয়। ২০০৮ সালের ডিসেম্বর মাসে আরও একজনকে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। ৫৫ সদস্যবিশিষ্ট ওই আহ্বায়ক কমিটির মেয়াদ ছয় বছর পার হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। সম্প্রতি দলীয় সভাপতি শেখ হাসিনার সঙ্গে কুমিল্লা জেলা তৃণমূল নেতাদের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পর থেকেই মহানগর কমিটিতে পদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন দলীয় নেতা-কর্মীরা। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে নগরের কোনো নেতা-কর্মীকে শীর্ষ পদগুলোতে রাখা হবে না। নগরের বাইরের নেতা-কর্মীদের দিয়েই জেলা কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের বিবদমান পক্ষগুলো কেন্দ্রীয় নেতাদের ওই আভাস দিয়েছে। দলীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এখন পর্যন্ত মহানগর কমিটি গঠন করা হয়নি। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটিতে পদপ্রত্যাশীরা হলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুর রউফ, কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লার কমান্ডার সফিউল আহমেদ বাবুল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী ও সাধারণ সম্পাদক আবুল কাশেম রৌশন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিনুল ইসলাম, জাকির হোসেন ও মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হাই বাবলু ও কবিরুল ইসলাম শিকদার।অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে সভাপতি পদ প্রত্যাশীরা হলেন—কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দুই যুগ্ম আহ্বায়ক প্রবীণ নেতা আফজল খান ও মো. মুজিবুল হক। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী ও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ হুইপ মো. মুজিবুল হক বলেন, ‘যাঁরা মহানগরের বাসিন্দা তাঁরা মহানগরের নেতৃত্ব দেবেন। আর যাঁরা জেলা বাসিন্দা তাঁরা জেলার নেতৃত্ব দেবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি যখন বলবে তখনই কমিটি হবে।’কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক আ হ ম মুস্তফা কামালের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তিনি দেশের বাইরে অবস্থান করছেন।