বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে বিরোধ শুরু হয়েছে। সংগঠনের একাংশের নেতা-কর্মীরা ওই কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ৯ জুলাই শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। সম্মেলনের পর থেকে কমিটির সভাপতি সৈয়দ মির্জারুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক আজিজুল হকের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ায় দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এতে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কর্মীরাও বিভক্ত হয়ে পড়েন। এ অবস্থায় বগুড়া জেলা কমিটি গত ২ জুন দুই সদস্যের আওয়ামী লীগের ওই কমিটি ভেঙে দেয়। জেলা কমিটি গত ১৭ জুন ৩৪ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে। আজিজুল হককে আহ্বায়ক ও তৌহিদুর রহমান এবং মোস্তাফিজার রহমানকে ওই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়। দলীয় সূত্রে আরও জানা গেছে, আহ্বায়ক কমিটিতে সাবেক সভাপতি মির্জারুল আলম চৌধুরীর নাম না রাখায় তাঁর অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শনিবার দুপুরে ওই আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে সাবেক সভাপতির পক্ষের অন্যতম নেতা উপজেলার পীরব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল করিম বলেন, যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তা অবৈধ ও গঠনতন্ত্রের পরিপন্থী। যাঁরা আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাঁদের কমিটি থেকে কৌশলে বাদ দেওয়া হয়েছে। নিজেদের ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য এ কমিটি করা হয়েছে। নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান বলেন, জেলা নেতারা তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে কমিটি ঘোষণা করেছেন। তাঁরাই সাবেক সভাপতিকে কমিটিতে রাখেনি। এ বিষয়ে সাবেক সভাপতি মির্জারুল আলম চৌধুরী জানান, ওই পক্ষ তাঁদের স্বর্থ সিদ্ধির জন্য আহবায়ক কমিটি গঠন করেছে। ওই কমিটি বৈধ নয়।