সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। মিছিল ও সমাবেশে আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।
‘সিলেট মহানগর বিএনপির পকেট কমিটি মানি না, বাতিল কর’—এই ব্যানারে বিকেলে নগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। নেতা-কর্মীরা মিছিল নিয়ে আম্বরখানায় যান। পরে সেখানে সমাবেশ থেকে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানানো হয়। মকসুদ আলীর সভাপতিত্বে সমাবেশে আবদুল কাইয়ূম জালালী, ফরহাদ চৌধুরী, সালেহ আহমদ খসরুসহ বিএনপির নেতারা বক্তব্য দেন। তাঁদের মধ্যে আহ্বায়ক কমিটির সদস্যপদে রয়েছেন নগর বিএনপির সাবেক সহসভাপতি মকসুদ আলী, সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালী ও সাবেক কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী।
সিলেট মহানগর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৮ নভেম্বর বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে কেন্দ্র থেকে শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও আগের কমিটির সহসভাপতি বদরুজ্জামান সেলিমকে সদস্যসচিব করে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।