আহ্বায়ক কমিটির নেতৃত্বে ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। গতকাল শনিবার নান্দাইলের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে এক জনসভায় তিনি দলীয় নেতা-কর্মীদের এ নির্দেশনা দেন।
জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান (তুহিন)। সভামঞ্চে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েলসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা। সভার শুরুতে মন্ত্রীকে সোনার নৌকা উপহার দেন পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া।
মতিউর রহমান বলেন, ময়মনসিংহ অঞ্চলের অবিসংবাদিত নেতা হচ্ছেন রফিক উদ্দিন ভূঁইয়া। স্বাধীনতার পর নান্দাইলে অনেক জনসভা হয়েছে। তবে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গতকাল বিশাল জনসভা আয়োজন করে যে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছে তাতে মনে হচ্ছে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার যোগ্যতা আনোয়ারুল আবেদিন খান ও হাসান মাহমুদ জুয়েলরাই রাখেন।
গত বছরের ২১ নভেম্বর সাংসদ আনোয়ারুল আবেদিন খান প্রস্তাবিত ৬২ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। ২৬ নভেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে জানানো হয় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালামের নেতৃত্বাধীন কমিটি বাতিল করা হয়নি। ফলে নান্দাইলে দুই পক্ষই কার্যক্রম পরিচালনার দাবি করে আসছে। এ নিয়ে দুই পক্ষ চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে।
এর আগে মন্ত্রী মতিউর রহমান গতকাল দুপুরে নান্দাইলে এসে উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি-সংবলিত একটি ম্যুরাল, উপজেলা পরিষদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।