দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া। এতে অভিযোগ করা হয়, প্রায় এক বছর আগে ছাত্রলীগের জেলা কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর ১৬ এপ্রিল কেন্দ্রীয় কমিটি থেকে ফ্যাক্সবার্তার মাধ্যমে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম পাঠানো হয়েছে, যেখানে আহ্বায়ক ও চারজন যুগ্ম আহ্বায়কের সবাই অছাত্র। আহ্বায়ক পারভেজ আহমেদ চৌধুরী জেলা বা শহরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নন। যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম ইভ টিজিং মামলার প্রধান আসামি। অপর যুগ্ম সম্পাদক রুবেল ইসলাম ছাত্রলীগের নামসর্বস্ব সদস্য, জেলা আওয়ামী লীগের এক নেতার মোটরসাইকেল চালক। সৈকত পাল নামের যাঁকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে তিনি দিনাজপুরেই থাকেন না। সাদেকুর রহমান নামের অপর যুগ্ম আহ্বায়কের জেলা ছাত্রলীগে কোনো অবস্থান নেই।