আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক ছাড়াই ফেনী জেলা যুবলীগের সভা!
ফেনীতে রোববার জেলা যুবলীগের বিশেষ সভা হয়েছে। এতে ২১ অক্টোবর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠেয় বিভাগীয় যুবলীগের মহাসমাবেশে ফেনী থেকে পাঁচ হাজার কর্মী-সমর্থকের যোগদানসহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ সভায় যুবলীগের জেলা কমিটির আহ্বায়ক ও দুই যুগ্ম আহ্বায়ক ছিলেন না বলে জানা গেছে।আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দাবি করা হয়, সভায় জেলা যুবলীগের ৫১ সদস্যের ৪২ জন উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিজাম হাজারী ও আরেক সদস্য ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক উপস্থিত ছিলেন।সভার বিষয়ে জানতে জেলা যুবলীগের আহ্বায়ক ও ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম আজাহারুল হকের মোবাইল ফোনে কয়েকবার ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম শাহজাহান প্রথম আলোকে জানান, এটিকে জেলা যুবলীগের সভা বলা যাবে না। এটি একটি বিশেষ গোষ্ঠীর সভা। গত শুক্রবার ফেনী পৌরসভা মিলনায়তনে যুবলীগের সভায় যারা হামলা চালিয়েছে এটি তাদেরই কাজ। নিজাম হাজারী দাবি করেন, জেলা কমিটির আহ্বায়ক আজাহারুল হক নিজ এলাকায় বিশেষ কাজে ব্যস্ত থাকায় এবং যুগ্ম আহ্বায়ক শাহজাহান ঢাকায় থাকায় সভায় উপস্থিত হতে পারেননি। তাঁদের সম্মতিতেই সভা আহ্বান করা হয়েছিল। গত শুক্রবার সকালে ফেনী পৌরসভা মিলনায়তনে জেলা যুবলীগের প্রতিনিধি সভায় একদল যুবক হামলা ভাঙচুর চালায়। এ সময় যুবলীগের দুজন যুগ্ম আহ্বায়ককে মারধর করা হয়। এতে সভা পণ্ড হয়ে যায়।