চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী যাঁকে আস্থাভাজন মনে করবেন, সেই ব্যক্তি দলের সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছানের বিরাগভাজনে পরিণত হবেন। আসলাম যদি ‘হ্যাঁ’ বলেন, আবদুল্লাহ বলবেন ‘না’। এমন এক প্রেক্ষাপটে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সাতটি উপজেলার মধ্যে চারটিতে পাল্টাপাল্টি কমিটি হয়েছে। পরিস্থিতির কারণে শুধু তিনটি উপজেলার কমিটি দুজন একসঙ্গে করতে পেরেছেন।
পাল্টাপাল্টি কমিটি গঠনের এই খেলাকে কেন্দ্র থেকে গত জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আসলাম চৌধুরীকে দলের কমিটি গঠনের একক দায়িত্ব দেওয়া হয় বলে তাঁর অনুসারী নেতারা জানান। তবে কেন্দ্র থেকে আসলামকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি বলে দাবি করেন দলের আরেকটি অংশ।
এ বিষয়ে ফটিকছড়ি বিএনপির একাংশের আহ্বায়ক সরওয়ার আলমগীর দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসলাম চৌধুরীকে দায়ী করেছেন। তিনি বলেন, নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন ব্যক্তিদের বড় দায়িত্ব দিয়েছেন আসলাম চৌধুরী। কেন্দ্র তাঁকে এককভাবে ক্ষমতা দিয়েছে—এটা মিথ্যা কথা। বরং সদস্যসচিবের সঙ্গে পরামর্শ করে আহ্বায়ককে কমিটি গঠন করতে বলা হয়েছে।
অপরদিকে মিরসরাই উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক নুরুল আমিনের দাবি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির হাল ধরেছেন আসলাম চৌধুরী। কেন্দ্র তাঁকে দল সংগঠিত করার ক্ষমতা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থতা আর অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০১৪ সালের ২৬ এপ্রিল গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি করা হয়। আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আসলাম চৌধুরী। নতুন কমিটিতে তিনি হন আহ্বায়ক। আর সদস্যসচিব করা হয় কাজী আবদুল্লাহ আল হাছানকে, যিনি সাবেক সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। কিন্তু পরে বিভিন্ন উপজেলায় কমিটি গঠনকে কেন্দ্র করে আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়।
এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আসলাম চৌধুরী আর কাজী আবদুল্লাহর দ্বন্দ্বের কারণে উত্তর জেলা বিএনপির রাজনীতি বিপর্যস্ত। তাঁর দাবি, আসলাম জেলার সাধারণ সম্পাদক হিসেবে সফল ছিলেন। আহ্বায়ক হওয়ার পর তাঁর ব্যর্থতার পাল্লা ভারী হয়েছে। আর সদস্যসচিব আবদুল্লাহ পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলেও তাঁর মত।
দলীয় সূত্র জানায়, গত দুই বছরে উত্তর জেলার সাতটি উপজেলার মধ্যে মিরসরাই, সন্দ্বীপ, হাটহাজারী ও ফটিকছড়িতে আসলাম চৌধুরী ও কাজী আবদুল্লাহ পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেন। আসলাম মিরসরাই উপজেলায় নুরুল আমিন, ফটিকছড়িতে সালাহউদ্দিন, সন্দ্বীপে আবু তাহের এবং হাটহাজারীতে নূর মোহাম্মদকে আহ্বায়ক করেন। অন্যদিকে সদস্যসচিব আবদুল্লাহ মিরসরাই উপজেলায় আলাউদ্দিন, সন্দ্বীপে সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা, ফটিকছড়িতে সরওয়ার আলমগীর এবং হাটহাজারীতে এস এম ফজলুল হককে আহ্বায়ক হিসেবে ঘোষণা দেন।
দলীয় সূত্র জানায়, রাউজান, রাঙ্গুনিয়া ও সীতাকুণ্ড উপজেলায় একসঙ্গে কমিটি ঘোষণা করেন আসলাম চৌধুরী ও কাজী আবদুল্লাহ। এর কারণ, আহ্বায়ক আসলামের বাড়ি সীতাকুণ্ড হওয়ায় সদস্যসচিব এখানকার কমিটি নিয়ে মাথা ঘামাননি। একইভাবে আবদুল্লাহর বাড়ি রাউজান হওয়ায় আহ্বায়ক আসলামও সেখানে কমিটি নিয়ে কথা বলেননি। আর রাঙ্গুনিয়া উপজেলা যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনী এলাকা। এখানে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরামর্শেই কমিটি ঘোষিত হয় বলে বিএনপির নেতারা জানান।
পাল্টাপাল্টি কমিটি কেন, জানতে চাইলে উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন-সংগ্রামে জড়িত নেতাদের বাদ দিয়ে তিনি (আসলাম চৌধুরী) কমিটি ঘোষণা করেন। বাদ পড়া ত্যাগী নেতাদের নিয়ে আমি পাল্টা কমিটি করেছি। এ ব্যাপারে জ্যেষ্ঠ নেতাদেরও পরামর্শ নিয়েছি আমি।’ জ্যেষ্ঠ নেতা কাঁরা জানতে চাইলে, তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, যাঁরা মন্ত্রী-এমপি হয়েছিলেন কিংবা ভবিষ্যতেও হবেন।
সদস্যসচিব হিসেবে ব্যর্থ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যর্থ—এটা বললে অবিচার হবে। আমি সংগঠনের অস্তিত্ব ধরে রেখেছি।’ আসলাম চৌধুরীর সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে তাঁর ভাষ্য, ‘দলের ভেতরে তিনি গ্রুপিং সৃষ্টি করেছেন। বরং আমি যাঁদের আহ্বায়ক করেছি সংগঠনে তাঁদের অনেক বেশি অবদান রয়েছে। আট-দশ বছর আগে এই আসলাম চৌধুরীকে কেউ চিনতেন না। সালাহউদ্দিন কাদের চৌধুরী তাঁকে বিকশিত করেছেন।’
এ বিষয়ে আসলাম চৌধুরী বলেন, ‘কেন্দ্র আমাকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন কমিটি অনুমোদনের একক দায়িত্ব দিয়েছে। ফলে যেখানে পাল্টাপাল্টি কমিটি ছিল সবাই আমার সঙ্গে যোগাযোগ করছেন। এ মুহূর্তে সংগঠনে দ্বন্দ্ব-সংঘাত নেই।’ ব্যর্থতার বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রদলের সাবেক নেতাদের বিএনপির নেতৃত্বে আনা হচ্ছে। এতে অনেকের বিরাগভাজন হচ্ছি আমি। কেউ কেউ আমার ব্যর্থতা খুঁজছেন।’
সদস্যসচিবের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে আসলাম চৌধুরী বক্তব্য—বড় সংগঠন হিসেবে বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে এবং থাকবে। এগুলো কোনো বিষয় নয়।