আড়তদারদের তিরাশির ফাঁদে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের ফলন হলেও আড়তদারদের তিরাশির ফাঁদে পড়ে হতাশ কৃষকেরা। এ ছাড়া ধান বিক্রি ও দাম নিয়ে তাঁরা আড়তদারদের কাছে অনেকটাই জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ২০ হাজার ৬৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এখন পুরোদমে ধান কাটা চলছে।অভিযোগ পাওয়া গেছে, ফলন ভালো হলেও বাইরের আড়তদারদের ধান কিনতে দেওয়া হচ্ছে না। স্থানীয় আড়তদারেরা ধানের দাম নির্ধারণ করায় কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। ধান বিক্রি করতে গেলে আড়তদারদের ৮০ কেজির (দুই মণ) স্থলে ৮৩ কেজি ধান দিতে হচ্ছে।গত মঙ্গলবার পৌর শহরের বিভিন্ন আড়ত ঘুরে এবং কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় আড়তদারেরা ইচ্ছামতো ধানের দাম নির্ধারণ করায় প্রতি মণ ধান ৫৫০ থেকে ৫৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া দুই মণের এক বস্তা ধান আড়তে নেওয়ার পর বস্তার ওজন হিসেবে কৃষক থেকে এক কেজি বেশি নেওয়া হচ্ছে। আবার ফাউ (ঢলতা) দুই কেজি দিতে হয়। এভাবে আড়তদারেরা কৃষক থেকে মোট ৮৩ কেজি ধান নিয়ে যাচ্ছেন।উপজেলার কুন্নগর গ্রামের কৃষক আবদুল হাই বলেন, ‘পাঁচ একর জমিতে ধান আবাদ করেছিলাম। ফলনও ভালো হয়েছে, কিন্তু দাম নেই। এ ছাড়া ধান বেচতে আইলে দুই মণ ধানে তিন কেজি বেশি দিতে অয়। এই অনিয়মডা বর্তমানে নিয়মে পরিণত হইছে।’গোজাকুড়ার উল্লাপাড়া গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘৩০ মণ ধান বাজারে আনছি। কেউ দাম কইতাছে না। বাইরের আড়তদারদের ধান কেনার সুযোগ থাকলে কৃষকেরা ধানের ন্যায্য দাম পাইত।’বাঁশকান্দা গ্রামের কৃষক নেয়াজ আলী বলেন, ‘এক একর জমির ধান কাটতে আট হাজার টাকা লাগে। কিন্তু বাজারে ধানের দাম নেই। এর পরও তিরাশির মাপে কৃষকেরা অতিষ্ঠ হয়ে উঠেছে। এর একটা বিহিত হওয়া জরুরি।’নালিতাবাড়ী খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘আড়তদারের সম্মতিক্রমে বস্তার ওজন অনুযায়ী এক কেজি ধানের ঘাটতির জন্য ঢলতা হিসেবে দুই কেজি করে দুই মণে কৃষকদের কাছ থেকে ৮৩ কেজি ধান নেওয়া হয়। ধানের মূল্য নির্ধারণে আমাদের কোনো হাত নেই। ধানের মান অনুযায়ী দাম নির্ধারণ করা হয়। বাইরের কেউ ধান কিনতে চাইলে স্থানীয় আড়তদারদের মাধ্যমে কেনার সুযোগ রয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে আড়তদারদের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’