যশোর শহরের ভৈরব নদের বাবলাতলা সেতু থেকে বিরামপুর কালীবাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটারের মধ্যে তিন স্থানে বাঁশের বেড়া (পাটা) দিয়ে মাছ শিকার করছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করেছে।
জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, প্রভাবশালী লোকজন ভৈরব নদের মধ্যে আড়াআড়িভাবে বাঁশের বেড়া দিয়ে মাছের চাষ করে আসছেন। অভিযানের প্রথম দিনে গতকাল আড়াই কিলোমিটারের মধ্যে দেওয়া তিনটি বেড়া উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে সব বেড়া উচ্ছেদ করা হবে।
জেলা প্রশাসন বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত একটি প্রকল্প বাস্তবায়নের স্বার্থে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গত বছরের আগস্টে ‘ভৈরব নদ এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প’ একনেকে অনুমোদিত হয়। প্রকল্পের জরিপকাজ গতকাল থেকে শুরু হয়েছে। এর আওতায় ভ্রাম্যমাণ আদালত নদের বাবলাতলা সেতু থেকে বিরামপুর কালীবাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকায় অভিযান চালায়। এ সময় বাবলাতলা সেতুর দুই পাশে ৪০০ মিটারের মধ্যে দুটি এবং পাগলাদহ এলাকার অপর একটি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়। বেড়া নির্মাণে ব্যবহৃত সামগ্রীগুলো খুলে এনে সঙ্গে সঙ্গে ধ্বংস করে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী। অভিযানে সহায়তা করেন পুলিশ ও র্যাবের সদস্যরা।
যশোর পাউবো কার্যালয় সূত্রে জানা গেছে, ওই প্রকল্পের আওতায় রয়েছে দুটি এলাকা। এর একটি হলো চৌগাছা উপজেলার
তাহেরপুর গ্রাম থেকে অভয়নগর উপজেলার আফ্রাঘাট পর্যন্ত ভৈরব নদের ৯৬ কিলোমিটার এলাকা। অপরটি চুয়াডাঙ্গার জীবননগরে
বুড়ি ভৈরবের ৩৩ কিলোমিটার এলাকা।
ভৈরবের ৯৬ কিলোমিটার এলাকা খনন করে নদের নাব্যতা বাড়ানো হবে। আর বুড়ি ভৈরব খননের মাধ্যমে ভৈরবের সঙ্গে মাথাভাঙ্গা নদীর সংযোগ স্থাপন করা হবে। পাশাপাশি এই প্রকল্পের আওতায় যশোর শহরের ভেতরে ভৈরব নদের দুই ধারে হাঁটার জন্য পাঁচ কিলোমিটার করে ১০ কিলোমিটার ইটের সড়ক নির্মাণ করা হবে।
প্রকল্পটির জন্য ২৭২ কোটি ৮১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জরিপকাজ শেষে শিগগিরই কাজ শুরু হবে।