আড়াই কিলোমিটার পথ দেড় ঘণ্টার গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার চৌরাস্তা মোড়। প্রায় আড়াই কিলোমিটার পথ। গতকাল বিকেলে এই রাস্তায় গণমিছিল করেছে বিএনপি-জামায়াতসহ চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলো। এই পথ মাড়িয়ে মিছিলের শেষ প্রান্ত মগবাজার পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা।মিছিল শুরুর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায়। বাধা দেবেন না। বাধা দিলে কঠিন হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এর পরিণতি শুভ হবে না। শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ রাখতে হবে।’খালেদা জিয়া বলেছেন, তাঁর দল নতুন আঙ্গিকে রাজনীতি করবে। দেশ ও মানুষের জন্য ভালো হয় এমন কাজকেই তাঁরা প্রাধান্য দেবেন। সব দলের সঙ্গে সুসম্পর্ক রাখবে। সবার সঙ্গে আলোচনা করে মানুষের ভালো হয় এমন কর্মসূচি বাস্তবায়ন করবে। বহির্বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে, মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি প্রতিশোধ নেবে না। বরং শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবে।সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, বিএনপি সেনা অভ্যুত্থানে নয়, গণ-অভ্যুত্থানে বিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়ে গণ-অভ্যুত্থান হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করার দাবিতে চার দলের এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিকেল সোয়া চারটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে খালেদা জিয়ার নেতৃত্বে মিছিল শুরু হয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় মগবাজার চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে কর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দেন। কর্মসূচিতে যোগ দিতে গতকাল দুপুর ১২টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও চার দলের শরিকেরা নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা দুইটার মধ্যে ফকিরাপুল মোড় থেকে নয়াপল্টন, বিজয়নগর নাইটিংগেল মোড় পর্যন্ত ভরে যায়। বেলা তিনটা পর্যন্ত তা বিস্তৃত হয় কাকরাইল মোড় পর্যন্ত। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মিছিলে নেতা-কর্মীরা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্ল্যাকার্ড বহন করেন। কর্মসূচিতে অংশ নিতে জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ছাত্রশিবির দুপুরেই নয়াপল্টন এলাকায় সমবেত হয়। জামায়াতের বেশির ভাগ ব্যানার ও ফেস্টুন ছিল একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আৃৃটক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি করে। চার দলের বাইরে এলডিপি, কল্যাণ পার্টি, জাপগা, এনডিপি, এনপিপি, বাংলাদেশ ন্যাপ, লেবার পার্টি অংশ নেয়।সন্ধ্যা পৌনে ছয়টায় মগবাজার মোড়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।