নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় বিদ্যুৎ চুরির দায়ে গতকাল বৃহস্পতিবার একটি ডাইং কারখানাকে আড়াই কোটি টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্স। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির কাছ থেকে ১ কোটি ২৫ লাখ টাকা আদায় করা হয়েছে।
ফারিহা ফ্যাশন নামের ওই কারখানাটি ফ্লাক্সেন গ্রুপের মালিকানাধীন। ওই কারখানার মালিক তিনজন। তাঁরা হলেন ফায়েজুর রহমান, মশিউর রহমান ও প্রশান্ত রায়। টাস্কফোর্স সূত্র জানায়, কারখানাটিতে ‘রিমোট প্রযুক্তি’ ব্যবহার করে কৌশলে মিটারের রিডিং বন্ধ রেখে সাড়ে ১০ লাখ ৫৪ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি করা হয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক ও ফ্লাক্সেন গ্রুপের চেয়ারম্যান ফায়েজুর রহমানকে আড়াই কোটি টাকা জরিমানা করেন টাস্কফোর্সের প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী। তাৎক্ষণিকভাবে জরিমানার মোট টাকা থেকে প্রথম কিস্তির ১ কোটি ২৫ লাখ টাকা আদায় করা হয়েছে। জরিমানার বাকি টাকা পরের কিস্তিতে মালিকপক্ষ পরিশোধ করার অঙ্গীকার করেছে। দেশে বিদ্যুৎ খাতের ইতিহাসে কোনো গ্রাহককে বিদ্যুৎ চুরির দায়ে এত বড় অঙ্কের জরিমানা করার ঘটনা এটাই প্রথম।
টাস্কফোর্সের প্রধান মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে মাসে গড়ে ১ লাখ ৭০ হাজার ইউনিটের পরিবর্তে এ প্রতিষ্ঠানে বিল হতো শুধু ৭০ হাজার ইউনিটের। কারখানাটি রিমোট প্রযুক্তির সাহায্যে মিটারের রিডিং বন্ধ রেখে সাড়ে ১০ মাসে সাড়ে ১০ লাখ ইউনিট চুরি করেছে, যার মূল্য আড়াই কোটি টাকা। এভাবে প্রতিষ্ঠানটি সরকারকে বড় ধরনের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে সংঘবদ্ধ একটি চক্র জড়িত। কারখানায় বিদ্যুৎ ব্যবহার করা হলেও সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রিমোট কন্ট্রোল দিয়ে মিটারের রিডিং বন্ধ রাখা হতো।
মুনীর চৌধুরী আরও বলেন, বিদ্যুৎ চুরির ঘটনায় কারখানার মালিকপক্ষের কাছ থেকে জরিমানার প্রথম কিস্তির ১ কোটি ২৫ লাখ টাকা আদায় করা হয়েছে। ডিপিডিসির মিটার ডিভিশনের প্রকৌশলীরা এ অভিযানে সহযোগিতা করেন। তিনি আরও বলেন, সিস্টেম লস কমিয়ে ডিপিডিসিকে আর্থিকভাবে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে টাস্কফোর্সের অভিযান জোরদার করা হয়েছে। যত বড় ক্ষমতাধর বা বিত্তশালী ব্যক্তিই হোক না কেন, বিদ্যুৎ চুরির দায় থেকে কাউকে রেহাই দেওয়া হবে না।