প্রায় আড়াই কোটি টাকা বকেয়া বিল নিয়ে বিপাকে পড়েছেন পল্লী বিদ্যুতের নাটোরের লালপুর জোনাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিদিন সকালে কার্যালয়ে হাজিরা সেরে তাঁরা বকেয়া আদায়ে বেরিয়ে পড়েন। ফলে ব্যাহত হচ্ছে ওই অফিসের গ্রাহক-সুবিধাসহ অন্য কার্যক্রম।
বকেয়া বিলের দিক থেকে শীর্ষ বিলখেলাপি হয়েছে গোপালপুর পৌরসভা। এই পৌরসভার বিল বকেয়া রয়েছে প্রায় ৭ লাখ টাকা।
পল্লী বিদ্যুৎ সমিতির-২ (বনপাড়া) এর আওতাভুক্ত লালপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, এই কার্যালয়ের গ্রাহক পর্যায়ে প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে বাণিজ্যিক খাতে প্রতিষ্ঠান পর্যায়ে গোপালপুর পৌরসভার সর্বাধিক পরিমাণ বকেয়া রয়েছে। যার পরিমাণ ৬ লাখ ৮৭ হাজার ৮১৭ টাকা। এ ছাড়া সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কাছে বকেয়া রয়েছে ৮৮ হাজার ৮৫৫ টাকা।
আবাসিক খাতে ১ কোটি ৪২ লাখ ৯৩ হাজার ১৭৩ টাকা, বাণিজ্যিক খাতে (সরকারি-বেসরকারি দপ্তরসহ) ৪০ লাখ ৩৯ হাজার ৭৯২ টাকা, দাতব্য প্রতিষ্ঠানে ৮ লাখ ২৯ হাজার ২৮৬ টাকা, সেচ শিল্প ৬ লাখ ৫২ হাজার ১০২ টাকা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২২ লাখ ৩৭ হাজার ৪০৫ টাকা এবং বৃহৎ শিল্প পর্যায়ে ১০ লাখ ৯ হাজার ৯৪৯ টাকা বকেয়া রয়েছে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের গ্রাহকের কাছে আরও কিছু বকেয়া রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে গোপালপুর পৌরসভার মেয়র নজরুল ইসলাম বলেন, পৌরসভার আর্থিক দৈন্যের কারণে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করা সম্ভব হয়নি। কিস্তি আকারে এই বকেয়া যত দ্রুত সম্ভব পরিশোধ করার চেষ্টা করা হচ্ছে।
পল্লী বিদ্যুতের লালপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, ‘গ্রাহক পর্যায়ে বিপুল পরিমাণ বকেয়া থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি ছাড়াও দপ্তরের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বকেয়া আদায়ে গ্রাহক পর্যায়ে চিঠি, মাইকিংসহ আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। এ জন্য অত্র কার্যালয়ের অধিকাংশ কর্মচারী-কর্মকর্তাকে কর্মঘণ্টার বেশির ভাগ সময় বাইরে থাকতে হয়। ফলে এখানকার গ্রাহক-সুবিধাসহ বিভিন্ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।’