২০১৫ সালে সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী মোশাররফ হোসেন। তিনি গতকাল তাঁর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
প্রথম আলো: আপনার ওয়ার্ডে চারটি মাঠ আছে। কিন্তু সেগুলো খেলাধুলার অনুপযোগী।
কাউন্সিলর: নির্বাচিত হওয়ার পরই এই চারটি মাঠ সংস্কারে উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে নকশা ও দরপত্র চূড়ান্ত হয়েছে। ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে তা সংস্কার করা হবে। এতে মহল্লার শিশু-কিশোরেরা স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে। ঈদুল ফিতরের পর সংস্কারকাজ শুরু হবে।
প্রথম আলো: শহীদ নগর কমিউনিটি সেন্টারে থানার কার্যক্রম চালানোয় স্থানীয় মানুষ অনুষ্ঠানাদি করতে পারছে না। এটা কীভাবে হলো?
কাউন্সিলর: ২০০৯ সালে ডিএসসিসি থেকে অনুমতি নিয়ে এই কমিউনিটি সেন্টারে থানার কার্যক্রম চালু করা হয়েছে। তবে কমিউনিটি সেন্টারের একটি অংশ ব্যায়ামাগার ঠিকভাবেই চলছে। মহল্লার লোকজন সেখানে নিয়মিত যান। তারপরও থানাটি স্থানান্তরে আবেদন জানানো হবে।
প্রথম আলো: লালবাগ কমিউনিটি সেন্টারের পরিবেশ এত নোংরা কেন?
কাউন্সিলর: এই কমিউনিটি সেন্টারটি অনেক পুরোনো হয়ে গেছে। তাই নতুন করে এই জায়গায় বহুতল একটি কমিউনিটি সেন্টার নির্মাণে ডিএসসিসি তথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। পরে তা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে একনেক সভায় উপস্থাপনের অপেক্ষায় আছে।
প্রথম আলো: জগন্নাথ সাহা রোডের খোঁড়াখুঁড়ি নাগরিকদের দুর্ভোগ হচ্ছে। এ কাজ কবে শেষ হবে?
কাউন্সিলর: পয়োনালার কাজ শেষ পর্যায়ে আছে। ঈদের পরপরই সড়কে ইট-পাথর ফেলে সড়কটি সংস্কার করা হবে। এর আগে কেল্লার মোড় থেকে শ্মশানঘাট সড়কসহ ওয়ার্ডের গড়ে ৮০ ভাগ সড়ক সংস্কার করা হয়েছে।
প্রথম আলো: রাস্তায় পর্যাপ্ত সড়কবাতিও তো নেই।
কাউন্সিলর: ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে এলইডি বাতি লাগানোর কাজ চলছে। ৫০ ভাগ এলাকায় তা লাগানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকি এলাকাগুলোতে বাতি লাগানোর কাজ শেষ করা হবে।