আড়াই কোটি টাকার কার্ডিয়াক ইউনিট পড়ে আছে দেড় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজ শেষ হওয়ার দেড় বছর পরেও পটুয়াখালী জেনারেল হাসপাতালের ৩০ শয্যার কার্ডিয়াক ইউনিটটি চালু করা সম্ভব হয়নি। চিকিৎসকসহ জনবলসংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এটি চালু করা যাচ্ছে না। ফলে হূদরোগীরা হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল সূত্রে জানা গেছে হূদরোগে আক্রান্ত ব্যক্তিদের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে পটুয়াখালীর আড়াই শ শয্যার জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের জন্য দুই কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা ভবন নির্মাণকাজ ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি শুরু হয়। ২০১১ সালের ২০ জুলাই গণপূর্ত বিভাগ ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং আসবাবপত্র ও যন্ত্রপাতি সরবরাহ না করায় ইউনিটটি চালু করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে ইউনিটটি চালুর আগেই জরাজীর্ণ হয়ে পড়ছে ভবনটি। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসকের দুটি পদ থাকলেও সেগুলো শূন্য রয়েছে। এ কারণে হূদরোগে আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা নিতে এখানে এলে তাঁদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। গত ২৮ জানুয়ারি সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় বুকে ব্যথা নিয়ে গলাচিপা থেকে এক রোগী এসেছেন। রোগীর ভাই সোবাহান সিকদার জানান, চিকিৎসকেরা তাঁর ভাইকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যেতে বলেছেন। কিন্তু তাঁদের পক্ষে অ্যাম্বুলেন্স ভাড়া করে বরিশালে নিয়ে চিকিৎসা করানো প্রায় অসম্ভব। তাই বাধ্য হয়ে এখানেই চিকিৎসা নিতে হবে। হাসপাতালের তথ্য অনুযায়ী, গত বছর হূদরোগে আক্রান্ত ২৭ জন এই হাসপাতালে মারা গেছেন। আর একই সময়ে চিকিৎসাসেবা নিয়েছেন আরও ৩৪১ জন। হাসপাতালের সহকারী পরিচালক রেজা মো. জামান বলেন, কার্ডিয়াক ইউনিটের ভবনটি তাঁদের কাছে হস্তান্তর করা হলেও ইউনিটের জন্য প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, আসবাব ও যন্ত্রপাতির ব্যবস্থা হয়নি। তাই ইউনিটটি চালু করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয়েছে।