আড়াই কোটি টাকার জাল নোট উদ্ধার ১০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা ও কামরাঙ্গীরচর থেকে আড়াই কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জাল নোট তৈরির সরঞ্জামসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জাল নোট তৈরির মূল হোতা নুরুজ্জামান বিশ্বাস ওরফে দুরুজ্জামান দাবি করেছেন, তিনি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সম্পাদক।ডিবি সূত্র জানায়, অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত শনিবার বেলা দুইটার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকার আমিনবাগের একটি বাড়ির পঞ্চম তলার এক বাসায় অভিযান চালায়। জাল নোট তৈরির ওই কারখানা থেকে ডিবি এক কোটি ৩০ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির পাঁচ কোটি টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করে। সেখান থেকে জালালউদ্দিন (২৫), শাবানা আক্তার (২৫), মাকসুদা আক্তার (২০), লিমা আক্তার (২০) ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।পরে ডিবির একই দল কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরের একটি বাড়ির পঞ্চম তলায় আরেকটি জাল নোট তৈরির কারখানা থেকে এক কোটি ২০ লাখ ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। সেখান থেকে এসব তৈরির প্রধান হোতা নুরুজ্জামান বিশ্বাস (৫০), তাঁর সহোদর খালেদুজ্জামান (৩৫), সহযোগী বাবু মিয়া (২৮), মো. সুজন (২৭), মঞ্জুরুল কামাল ওরফে কামাল মাস্টারকে (৬০) গ্রেপ্তার করা হয়। ডিবি ওই বাসা থেকে ৮৮ হাজার ভারতীয় জাল রুপি ও জাল নোট তৈরির তিন কোটি টাকা মূল্যের সরঞ্জাম উদ্ধার করে।পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের এবং উদ্ধার করা জাল নোট ও সরঞ্জাম মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গতকাল রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (পশ্চিম) মো. মাহাবুবর রহমান বলেন, ডিএমপির ইতিহাসে এত বিপুলসংখ্যক জাল নোট আর উদ্ধার হয়নি। গ্রেপ্তার হওয়া নুরুজ্জামান বিশ্বাস ১৯৯৮ সালের দিকে দেশে প্রথম জাল নোট তৈরি ও বাজারজাত করেন। পরে তাঁর সহযোগীরা পৃথক কারখানা করে একই ব্যবসা শুরু করেন। তিনি বলেন, নুরুজ্জামান জাল নোটের একটি মামলায় ২১ মাস জেল খেটে জামিনে সম্প্রতি বেরিয়ে আবার পুরোনো পেশায় ফেরেন। ঈদুল আজহা সামনে রেখে এই চক্র ১০০ কোটির জাল নোট বাজারে ছাড়তে তৎপর হয়েছিল। যে কাগজ উদ্ধার করা হয়েছে, তা দিয়ে ৩০ কোটি টাকার জাল নোট তৈরি করা যেত।মাহাবুবর রহমান বলেন, এবারও ডিএমপি ঈদুল আজহা সামনে রেখে বিপণিবিতান ও পশুর হাটে জাল নোট শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করবে। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান ও অভিযান পরিচালনাকারী মশিউর রহমান।ব্রিফিং শেষে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সাংবাদিকদের সামনে আনা হয়। এ সময় নুরুজ্জামান দাবি করেন, তিনি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের যুগ্ম সম্পাদক। তিনি এই পরিচয়সংবলিত ভিজিটিং কার্ডও দেখান। তিনি জানান, জাল নোট তৈরির পর তিনি তা সহযোগী ছগির মাস্টার, কাওছার হোসেন, জাকির হোসেন, আবদুল হামিদ, মো. সেলিমের কাছে পাইকারি বিক্রি করতেন। এভাবে চার-পাঁচ হাত ঘুরে তা বাজারজাত হতো। তিনি যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সব দেশের মুদ্রা জাল করতেন।শাবানা আক্তার জানান, তিনি জাল নোটের ওপর নিরাপত্তা সুতা, শাপলা ফুল ও বঙ্গবন্ধুর ছবি বসাতেন এবং জলছাপ দিতেন। নুরুজ্জামান তাঁকে মাসে ২০ হাজার টাকা বেতন ও বাসা ভাড়া দিতেন।এই দুই ঘটনায় ডেমরা ও কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। এই দুই মামলায় গ্রেপ্তার হওয়া ১০ জনের প্রত্যেককে ১০ দিনের করে রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল আদালতে পাঠানো হয়। আদালত ডেমরা থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাঁচ দিনের করে এবং কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার ব্যক্তিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত সপ্তাহে ডিবি পুলিশ দক্ষিণখানে জাল নোট তৈরির আরেকটি কারখানা থেকে ২৪ লাখ টাকার জাল নোট উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে।