আড়াই কোটি টাকার জ্বালানি তেল সরাসরি কেনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ড্রেজার পরিদপ্তর দরপত্র ছাড়াই আড়াই কোটি টাকার জ্বালানি তেল সরাসরি কিনছে। এর আগে ওই তেল কিনতে দরপত্র জমা দেওয়ার তারিখ তিনবার পরিবর্তন করে কার্যক্রম স্থগিত করে তারা।নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুল এলাকায় অবস্থিত ড্রেজার পরিদপ্তর কোনো বিশেষ ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ওই তেল কিনতেই দরপত্র কার্যক্রম স্থগিত করেছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারেরা।দরপত্রের শিডিউল পর্যালোচনা করে দেখা যায়, ড্রেজার পরিদপ্তরের নারায়ণগঞ্জ ড্রেজার বিভাগ ২০১২-১৩ অর্থবছরে প্রায় আড়াই কোটি টাকার সাড়ে তিন লাখ লিটার জ্বালানি তেল কিনতে গত মার্চ মাসের শুরুতে সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়। দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয় ২৫ মার্চ। কর্তৃপক্ষ ওই তারিখ পাল্টে প্রথমে ২৮ মার্চ, পরে ৪ এপ্রিল নির্ধারণ করে। ৪ এপ্রিল পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র জমা দিতে গেলে তা নেওয়া হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হয়, তৃতীয়বারের মতো দরপত্র জমা দেওয়ার সময় স্থগিত করা হলো।সুনির্দিষ্ট কারণ ঘোষণা ছাড়াই তিনবার তারিখ পাল্টে দরপত্র কার্যক্রম স্থগিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। নাম প্রকাশ না করার শর্তে ঠিকাদারেরা জানান, বিশেষ কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে দরপত্র ছাড়াই আড়াই কোটি টাকার জ্বালানি তেল কিনতেই অনৈতিকভাবে দরপত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে।ঠিকাদারদের অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ ড্রেজার বিভাগের নির্বাহী প্রকৌশলী মহারাজ মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, ‘চলতি অর্থবছরে তিন মাসেরও কম সময় হাতে রয়েছে। এই অল্প সময়ের মধ্যে দরপত্র যাচাই-বাছাই করে কার্যাদেশ প্রদান এবং কার্যাদেশ পাওয়া ঠিকাদারের পক্ষে জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে না। তাই দরপত্র কার্যক্রম স্থগিত করা হয়েছে। এখন চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরাসরি কেনা হবে।’