আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ বিমানকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ বাংলাদেশ বিমানের এক কর্মীকে (কেবিন ক্রু) আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোর ছয়টায় কামরুন্নাহার (৩২) নামে এই কেবিন ক্রুকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের কর্মকর্তারা আটক করেন।বিমানের একজন মুখপাত্র জানান, কামরুন্নাহারকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে।বিমানবন্দর সূত্র জানায়, গতকাল ভোরে কামরুন্নাহার বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই-লন্ডন গন্তব্যের ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য ওঠার সময় বোর্ডিং ব্রিজে এলে দায়িত্বরত শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হয়। তাঁরা কামরুন্নাহারের লাগেজ ও দেহ তল্লাশি করে প্রায় আড়াই কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের মুদ্রা পান। এরপর তাঁকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।গতকাল সন্ধ্যায় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন সালেহ্ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে শুল্ক বিভাগ বাদী হয়ে মামলা করেছে। আসামি কামরুন্নাহারকে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।