আড়াই কোটির জন্য ৩১ জন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের উত্তরাঞ্চলীয় বিভাগীয় কার্যালয়ের জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। বগুড়ার বিভাগীয় কার্যালয় এবং এর অধীনে থাকা রাজশাহী ও রংপুর কার্যালয়ে অনুমোদিত জনবল কাঠামোর ৭৭টি পদের ৪৬টিতেই জনবল নেই।
এ অবস্থায় উত্তরাঞ্চলের ১৬ জেলার আড়াই কোটিরও বেশি মানুষের পরিবেশগত বিষয়টি অবহেলিত হয়ে আসছে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, রাজশাহী ও রংপুর বিভাগ আলাদা হওয়ার আগে থেকেই পরিবেশ অধিপ্তরের বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম বগুড়া থেকে পরিচালিত হয়ে আসছিল। এই বিভাগীয় কার্যালয় থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার পরিবেশগত বিষয় দেখভাল করা হয়। তবে কাজের সমন্বয়ের সুবিধার্থে বিভাগীয় এ কার্যালয়ের অধীনে রাজশাহী ও রংপুরে রয়েছে আলাদা দুটি আঞ্চলিক কার্যালয়।
বগুড়ার বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের প্রস্তাবিত সম্প্রসারিত জনবল কাঠামোতে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার প্রতিটিতেই একটি করে কার্যালয় খোলার বিষয়টি প্রক্রিয়াধীন। ১৬ জেলার প্রস্তাবিত কার্যালয়সহ বিভাগীয় কার্যালয়ে জনবল কাঠামোতে পদ রাখা হয়েছে ২৯৩টি। এর মধ্যে ২৯ মার্চ পর্যন্ত পদ শূন্য রয়েছে ২৬২টি। দীর্ঘদিন ধরে জেলা কার্যালয় খোলার বিষয়টি ঝুলে রয়েছে।
বগুড়া বিভাগীয় কার্যালয়, রাজশাহী ও রংপুরের দুটি আঞ্চলিক কার্যালয়ে অনুমোদিত পদ সংখ্যা ৭৭টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পদসহ ৪৬টি পদ শূন্য রয়েছে। উপপরিচালকের চারটি পদের মধ্যে বগুড়া, রাজশাহী ও রংপুরে একটি করে মোট তিনটি পদ শূন্য রয়েছে। শূন্য রয়েছে সহকারী পরিচালক, জ্যেষ্ঠ রসায়নবিদসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ।
বিভাগীয় কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, একজন পরিচালক, দুজন উপপরিচালক, চারজন সহকারী পরিচালকসহ মাত্র ৩১ জন জনবল নিয়ে ১৬ জেলায় পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে অধিদপ্তর। কৃষি অঞ্চল হিসেবে পরিচিত এই ১৬ জেলার প্রায় ৫০ হাজার চাতাল ও চালকল, কয়েক হাজার ইটভাটা, সরকারি-বেসরকারি পর্যায়ে স্থাপিত অসংখ্য ছোট-বড় শিল্প ও কলকারখানা, নদ-নদী, খাল দূষণসহ মানুষের পরিবেশগত সুবিধা-অসুবিধা দেখভাল করা হয় বগুড়ার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় এই কার্যালয় থেকে।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক আলী রেজা মজিদ প্রথম আলোকে বলেন, প্রতিটি জেলায় কার্যালয় খোলার বিষয়টি প্রক্রিয়াধীন। জেলা কার্যালয়সহ প্রস্তাবিত জনবল কাঠামোতে পদসংখ্যা প্রায় ২৯৩। আবার রাজশাহী ও রংপুরের দুটি সংযুক্ত কার্যালয়সহ বর্তমানে বিভাগীয় কার্যালয়েই পদসংখ্যা ৭৭টি। অথচ এই জনবল কাঠামোর বিপরীতে বর্তমানে ৪৬টি পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে।