আড়াই ঘণ্টা পর চারটি লাইনে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নোয়াপাড়ায় গতকাল শুক্রবার ঢাকা-চট্টগ্রাম রেললাইনে আন্তনগর ট্রেন মহানগর প্রভাতির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, ঢাকা-নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট লাইনে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে করে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতি ট্রেন বেলা সাড়ে ১১টার দিকে কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় ২১৯ নম্বর প্রথম শ্রেণীর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় ট্রেনটি প্রায় দুই কিলোমিটার দূরে নোয়াপাড়া এলাকায় গিয়ে থামে। তবে কোনো যাত্রীই হতাহত হয়নি। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা উদয়ন কসবা রেলস্টেশনে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি শশীদল রেলস্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে আখাউড়া রেলজংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে আখাউড়া রেলজংশনে নিয়ে যায়। এরপর বেলা দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।ট্রেনের যাত্রী কুমিল্লার আবদুর রাজ্জাক বলেন, ‘অল্পের জন্য আমাদের জীবন রক্ষা পেয়েছে। তবে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’রেলওয়ের কুমিল্লার সহকারী নির্বাহী প্রকৌশলী মো. ইরফানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে রেলওয়ের লাকসাম জংশনের ট্রাফিক পরিদর্শক মাসুদ সারোয়ারের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।