আড়াই ঘণ্টা পর যান চলছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বিকেল চারটার দিকে চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমানের পক্ষে গণসংযোগ করতে যান তাঁর সমর্থকেরা। তখন বাজারের বিপরীত পাশে ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমাম হোসেনের সমর্থকেরা। তখন উভয়পক্ষে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে কথা-কাটাকাটির জেরে উভয়পক্ষে সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ আছেন।

সংঘর্ষের সময় উত্তেজিত কর্মীরা সাতটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন। তাঁরা চৌদ্দগ্রাম বাজারের কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর করেন। সংঘর্ষের সময় অর্ধ শতাধিক গুলিবর্ষণ, শতাধিক ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মিজানুর রহমান বলেন, ‘ইমাম হোসেনের অনুসারীরা আমাদের প্রচারণায় বাধা দিয়েছেন।’ অন্যদিকে ইমাম হোসেন দাবি করেন, তাঁর মিছিলে নৌকা প্রতীকের প্রার্থীর অনুসারীরা হামলা করেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১১ ডিসেম্বর সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারের বাসস্ট্যান্ডে এ দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন।

আরও পড়ুন: