আড়াই টন পিরানহা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রাম থেকে আড়াই টন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ এবং দুজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। একটি পিকআপে করে সিলেটে নেওয়ার পথে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মাছগুলো জব্দ করা হয়।মাছগুলো গতকাল মঙ্গলবার দুপুরে আখাউড়া থানায় জমা দিয়ে মামলা করেছে বিজিবি। মামলায় পিরানহা বহনকারী পিকআপের চালক জামাল মিয়া ও সহকারী ইমরানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ প্রথম আলোকে বলেন, ‘পিরানহা মাছ অতিমাত্রায় রাক্ষুসে হওয়ায় বাংলাদেশের জলাশয়ে এর চাষ ও বাজারে বিক্রি, প্রদর্শন ও পরিবহনে নিষেধাজ্ঞা আছে।’মৎস্য বিভাগ সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যে পিরানহা মাছের বড় বাজার আছে। ত্রিপুরায় রপ্তানির জন্য আখাউড়ার বিভিন্ন এলাকায় গোপনে পিরানহার চাষ হচ্ছে।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভারতে রপ্তানির জন্য মাছগুলো সিলেটের তামাবিল বন্দরে নেওয়া হচ্ছিল। আদালতের নির্দেশ পাওয়ার পর মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হবে।’