আড়াই টন বিনা মূল্যের বই জব্দ শিক্ষক গ্রেপ্তার
বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া বই কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করার অভিযোগে মাগুরার মহম্মদপুর উপজেলার রাড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে পুলিশ ওই বিদ্যালয়ের দপ্তরির বাড়ি থেকে কমপক্ষে আড়াই টন ওজনের বিনা মূল্যের বই জব্দ করে।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা জানান, আবুল কালাম আজাদ ২০১০, ২০১১ ও ২০১২ সালের বিনা মূল্যে বিতরণের কমপক্ষে আড়াই টন বই কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করেন। তাঁকে সহযোগিতা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সমরেন্দ্রনাথ অধিকারী ও দপ্তরি নিজাম উদ্দিন। এসব বই বিদ্যালয় থেকে আট কিলোমিটার দূরে নারায়ণপুর গ্রামের দপ্তরির বাড়িতে মজুত রাখা হয়। স্থানীয় এক ব্যক্তি মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুদ্দৌজাকে জানালে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন। এরপর রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে এবং প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বইগুলোর অধিকাংশই সপ্তম ও অষ্টম শ্রেণীর।ওসি জানান, এ ঘটনায় ওই দিনই মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বাদী হয়ে আবুল কালাম আজাদ, সমরেন্দ্রনাথ অধিকারী ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মামলা করেন। আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ হেফাজতে আবুল কালাম আজাদ দাবি করেন, বইগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণের পর উদ্বৃত্ত ছিল। বিদ্যালয়ের স্থান সংকুলান না হওয়ায় সেগুলো দপ্তরির বাড়িতে রাখা হয়েছিল।এ প্রসঙ্গে ফজলুল হক জানান, উদ্বৃত্ত পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে যথাযথ নিয়মে বিক্রি করতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি।