ঢাকা-কাপাসিয়া সড়কে গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে যান চলাচল পুনরায় শুরু হয়েছে। গত মঙ্গলবার বাসচাপায় মোটরসাইকেলের আরোহী দুই কলেজছাত্র নিহত হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও ছাত্ররা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। গতকাল বেলা ১১টা থেকে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিন ঘণ্টাব্যাপী পরিবহন মালিক-শ্রমিক-প্রশাসনের ত্রিপক্ষীয় সভায় যানবাহন চলাচলের এ সিদ্ধান্ত হয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুঁইয়া জানান, সভায় পরিবহন সমিতির পক্ষ থেকে নিহত দুই ছাত্রের পরিবারকে এক লাখ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া গাড়িচালকদের চাকরি দেওয়ার আগে শারীরিক যোগ্যতা, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা, সড়ক ও জনপথের অভিজ্ঞ প্রকৌশলীদের পরামর্শে ওই মহাসড়কে প্রয়োজনীয় স্থানে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করারও প্রস্তাব করা হয়েছে। ওই সড়কে চলাচলকারী ১২টি কোম্পানির গাড়ির মালিক ও পরিচালকদের নিয়ে দ্রুত এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নের জন্য সভা আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুব্রত পাল চৌধুরীর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।