আড়াই বছর আগে পরিত্যক্ত ভবনটি ভাঙা হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বারান্দায় বসে আছে শিক্ষার্থীরা  l ছবি: প্রথম আলো
বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বারান্দায় বসে আছে শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষিত হয় আড়াই বছর আগে। কিন্তু এখন পর্যন্ত সেটি ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে রয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
উপজেলা সদর বাজারে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে শিক্ষক রয়েছেন ১২ জন, শিক্ষার্থীর সংখ্যা ৭০৪।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ে তিনটি ভবন রয়েছে। এর মধ্যে পাঁচ কক্ষবিশিষ্ট পরিত্যক্ত ভবনটি পাকিস্তান আমলে নির্মিত। অন্য দুটি ভবনের মধ্যে একটি দুই কক্ষবিশিষ্ট ১৯৯৬ সালে নির্মিত। আর তিন কক্ষের দোতলা অপর ভবনটি ২০০৬ সালে নির্মাণ করা হয়।
পাকিস্তান আমলের ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় উপজেলা প্রকৌশলীর মতামতের ভিত্তিতে তৎকালীন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এ বিষয়ে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিতভাবেও জানান। কিন্তু ভবনটি এখনো ভেঙে ফেলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জায়গা সংকটের কারণে তিনটি ভবন পাশাপাশি হওয়ায় পরিত্যক্ত ভবনটির বারান্দা দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত করতে হয়। শিক্ষার্থীরা অনেক সময় ওই বারান্দায় বসে ও দাঁড়িয়ে সময় কাটায়। মাঝেমধ্যে ভবনটির ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে। সম্প্রতি বৃন্ত নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী এভাবে আহত হয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলী রেজুয়ান খান বলে, পরিত্যক্ত ভবনের বারান্দা হয়ে আসা-যাওয়া করা সহজ হয়। ফলে তারা ওই পথই বেশি ব্যবহার করে। তবে ভয় লাগে, কখন পলেস্তারা খসে মাথার ওপর পড়ে।
এদিকে শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮টি শ্রেণিকক্ষ থাকার কথা। কিন্তু অফিসকক্ষ ছাড়া দুটি ভবনের সাতটি কক্ষে পাঠদান চলে। সম্প্রতি দুই কক্ষবিশিষ্ট ভবনটির মেরামতকাজ শুরু হয়েছে। ফলে বর্তমানে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষে পাঠদান চলছে।
তাড়াইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুল হক প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন। আশা করছেন, দ্রুতই এলজিইডির মাধ্যমে পুরোনো ভবনটি ভাঙা ও নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু করা যাবে।