আড়াই বছর আত্মগোপনে থেকেও জয়ী
আড়াই বছর ধরে আত্মগোপনে থেকে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন পৌর বিএনপির সহসভাপতি আনিছুর রহমান। তিনি চারটি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নির্যাতনের অভিযোগে দায়ের করা মিথ্যা মামলার আসামি হিসেবে আনিছুর রহমান দুই বছর পাঁচ মাস ধরে এলাকায় আসতে পারেন না। দলীয় নেতারা তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এক দিনও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননি। তিনি এতটাই জনপ্রিয় যে তাঁর অনুপস্থিতিতেও এলাকার মানুষ তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন, বিদ্রোহী প্রার্থীর কারণে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হেরেছেন। আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বিদ্রোহী প্রার্থী না হলে দলীয় প্রার্থী কাশেম আলীর জয় নিশ্চিত ছিল।
থানা-পুলিশ সূত্র থেকে জানা যায়, চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামে সংখ্যালঘু পরিবারের বাস। গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে কর্ণাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসায় চারদলীয় জোটের সমর্থকেরা ওই কেন্দ্রে হামলা চালান। হামলাকারীরা সংখ্যালঘু ও আওয়ামী লীগের সমর্থকদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেন। তাঁরা ৬৫টি সংখ্যালঘু বাড়িতে লুট ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় দুই হাজারের বেশি সংখ্যালঘু পরিবার নির্যাতনের শিকার হয়। পরে এ ঘটনায় পারুল বেগম ও কার্তিক চন্দ্র রায় নামের দুজন কোতোয়ালি থানায় দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন। পুলিশ বাদী হয়ে আরও দুটি মামলা করে। এ চার মামলায় আনিছুরসহ ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। মামলার পর থেকে আনিছুর আত্মগোপনে রয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেকুজ্জামান বলেন, ওই চারটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামি হিসেবে আনিছুরের নাম আছে। অভিযোগপত্র দেওয়ার পর তিনি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। কিন্তু সময়মতো নিম্ন আদালতে হাজির না হওয়ায় তাঁর জামিনের মেয়াদ শেষ হয়ে গেছে।