আড়াই বছর ধরে অচল ভূকম্পন পর্যবেক্ষণ যন্ত্র
ডিজিটাইজার অকেজো হয়ে পড়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূকম্পন পর্যবেক্ষণ যন্ত্রটি (সাইসমোগ্রাফ) প্রায় আড়াই বছর ধরে অচল পড়ে রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে ভূমিকম্পের মাত্রা নিরূপণ ও ভূমিকম্পবিষয়ক গবেষণার উদ্দেশ্যে যন্ত্রটি স্থাপন করা হয়েছিল। দক্ষিণাঞ্চল ভূমিকম্প, ঝড় ও জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হওয়ায় এখানে সার্বক্ষণিকভাবে একটি ভূকম্পন পর্যবেক্ষণ যন্ত্রসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ প্রকৗশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এটি দক্ষিণাঞ্চলের একমাত্র ও সারা দেশে হাতে গোনা কয়েকটি যন্ত্রের একটি। তাই যন্ত্রটিকে দ্রুত চালু করা জরুরি। এ ব্যাপারে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতা প্রয়োজন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যামন্টদোহারটি আর্থ অবজারভেটরি প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের মধ্যে স্বাক্ষরিত ভূমিকম্পবিষয়ক যৌথ গবেষণা প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের একটি কক্ষে ২০০৮ সালের ২৭ মে যন্ত্রটি স্থাপন করা হয়। স্থাপনের পর তা উদ্বোধন করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ববিদ ওউন ইওন কিন। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার গবেষণাগার থেকে একটি কম্পিউটার এনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরদিন কম্পিউটারটি আবার গবেষণাগারে ফিরিয়ে নেওয়ায় যন্ত্রটি অচল হয়ে পড়ে। বর্তমানে কম্পিউটারের ব্যবস্থা হলেও ডিজিটাইজারটি বিকল হওয়ায় যন্ত্রটি চালু করা যাচ্ছে না। ভূ-কম্পন পর্যবেক্ষণ যন্ত্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান সুমন জানান, উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রটি ভূমিকম্পের কেন্দ্রস্থল ও মাত্রাসহ অনেক দিনের তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করার মাধ্যমে ভূমিকম্পের প্রবণতা সম্পর্কে সম্যক ধারণা প্রদান করতে সক্ষম। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০০৩ সালে স্থাপিত গ্লোবাল পজিশনিং সিস্টেমস (জিপিএস) থেকে যন্ত্রটি দীর্ঘমেয়াদি ভূমিকম্প পর্যবেক্ষণসহ তাৎক্ষণিক ভূমিকম্পের কেন্দ্র নির্ধারণ ও ঢাকাস্থ আবহাওয়া কার্যালয়ে ডিডিএন লিংকের মাধ্যমে তথ্য সরবরাহ করতে সক্ষম। আসাদুজ্জামান সুমন আরও জানান, যন্ত্রটি স্থাপনে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ৭৫ লাখ টাকা অনুদান পাওয়া গেছে। গত বছরের ফেব্রুয়ারিতে যন্ত্রটি সচল করার উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভূ-গর্ভস্থ পানিবিরোধী চেম্বার নির্মাণের জন্য ইউজিসির কাছ থেকে ১০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। বরাদ্দ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ভূ-গর্ভস্থ পানিবিরোধী চেম্বার নির্মাণের কাজ সম্পন্ন হয়ছে। তা ছাড়া যন্ত্রটির জন্য যুক্তরাজ্য থেকে উচ্চমানের সংযোগ কেব্ল আনা হয়েছে। কম্পিউটারেরও ব্যবস্থা হয়ে গেছে। যন্ত্রটি সচল করার লক্ষ্যে মাসখানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার এখানে এসেছিলেন। যন্ত্রটি কনফিগারেশনের জন্য হ্যান্ড ডিজিটাইজার প্রয়োজন। যন্ত্রটির সঙ্গে যে ডিজিটাইজার এসেছে তা অচল থাকায় সবকিছু ঠিক থাকলেও যন্ত্রটি সচল করা সম্ভব হচ্ছে না। তবে চলতি মাসের মধ্যে এটি সচল করার চেষ্টা চলছে।