আড়াই বছর ধরে নিবন্ধন পাচ্ছেন না ফার্মাসিস্টরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ফার্মাসিস্টদের নিবন্ধন দিচ্ছে না বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। আড়াই বছর ধরে এই নিবন্ধন-প্রক্রিয়া বন্ধ আছে। ২০০৫ সালে নিবন্ধনের জন্য পরীক্ষা পদ্ধতি চালু করে ওই প্রতিষ্ঠান। ওই পরীক্ষা বাতিল হয়েছে, আবার অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধনও দেওয়া হচ্ছে না। ফলে দেড় হাজারের বেশি নবীন ফার্মাসিস্টের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অধ্যাদেশ, ১৯৭৬-এর ২৪ ধারায় বলা আছে, কাউন্সিল অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ডিগ্রিধারী শিক্ষার্থীরা নিবন্ধন পাবেন। অধ্যাদেশে পরিবর্তন না এনে ২০০৫ সালে নিবন্ধন-প্রক্রিয়া বদলে ফেলে কাউন্সিল। ওই বছর নৈর্ব্যক্তিক (এমসিকিউ-মাল্টিপল চয়েজ কোয়েশ্চেন) প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা চালু করা হয়। ২০০৮ সালে এ পদ্ধতি বন্ধ করে দেয় তত্কালীন তত্ত্বাবধায়ক সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই তিন বছরে মোট পাঁচটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।অন্যদিকে তিন বছর মেয়াদি ফার্মেসি কাউন্সিলের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো নতুন কমিটি গঠন করা হয়নি।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এ কে লুত্ফুল কবীর প্রথম আলোকে বলেন, ‘ওই পরীক্ষা ছিল বেআইনি। পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট পাঠক্রম ও নির্দেশনা ছিল না। প্রতিটি পরীক্ষায় পাসের হার ছিল ৫০ শতাংশেরও অনেক নিচে।’ তিনি অভিযোগ করেন, ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় ওই সময়ে নিবন্ধন দেওয়া হয়েছিল।’পরীক্ষা পদ্ধতি বন্ধ করে দেওয়ার পরও অধ্যাদেশ অনুযায়ী কোনো ফার্মাসিস্টকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। গত আড়াই বছরে দেশের ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দেড় হাজারের বেশি শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। নিবন্ধন না পাওয়ায় এসব ফার্মাসিস্ট চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়ছেন এবং উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যেতে পারছেন না।বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, ‘নবীন ফার্মাসিস্টরা নিবন্ধন পাচ্ছেন না। তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে।’ তিনি আরও বলেন, এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ফার্মাসিস্টদের মেধা যাচাই সম্ভব নয়।২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মনোয়ার হোসেন এখনো নিবন্ধন পাননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধন না পেয়ে ওষুধশিল্প-প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ পাওয়া যাচ্ছে না, যা আমাদের হতাশ করছে।’এ ব্যাপারে ফার্মেসি কাউন্সিলের সভাপতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিল নিয়ে আইনগত জটিলতা আছে, তাই কাউন্সিলের বৈঠক করা যাচ্ছে না। বৈঠক না হওয়ায় এ বিলম্ব হচ্ছে। বৈঠক হলে যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করব আমরা।’