আড়াই বছর পর এবার নতুন কৌশল খুঁজছে নৌ-মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ৫৮২ কোটি টাকার নিউমুরিং কনটেইনার টার্মিনালে অপারেটর নিয়োগের আন্তর্জাতিক দরপত্র দলিল চূড়ান্ত হয়েছে প্রায় সাড়ে সাত বছরে। আড়াই বছর ধরে পর্যায়ক্রমে এই দরপত্র দলিল সংশোধনের নির্দেশনা দিয়ে শেষ পর্যন্ত বিপাকে পড়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। সরকারের ক্রয়সংক্রান্ত একটি সংস্থার গঠন করা রিভিউ প্যানেল এই প্রক্রিয়া আইনসম্মত হয়নি বলে আদেশ দেওয়ায় এখন নতুন কৌশল খুঁজছে মন্ত্রণালয়।চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, দীর্ঘ আড়াই বছরে মন্ত্রণালয় বন্দর কর্তৃপক্ষকে এই দরপত্রের শর্ত সংশোধন করার নির্দেশনা দিলেও এত দিন কোনো আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হয়নি। কিন্তু প্রথমবার বাছাই করা দুটি আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিযোগের ভিত্তিতে দেওয়া একটি রিভিউ প্যানেলের আদেশ মন্ত্রণালয়কে নতুন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। এই আদেশ মন্ত্রণালয়ের নির্দেশনার বিপক্ষে যাওয়ায় এখন নতুন করে বন্দর কর্তৃপক্ষও দায়ভার নিতে রাজি নয়।চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল রোববার বলেন, এখানে বন্দরের কিছু করার নেই। রিভিউ প্যানেলের আদেশ অনুযায়ী কী পদক্ষেপ নিতে হবে সে জন্য দিকনির্দেশনা পেতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি বলে বন্দর চেয়ারম্যান জানান।নৌ-মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন আদেশ নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা করছে মন্ত্রণালয়। আদেশ না মেনে দরপত্র প্রক্রিয়া চলমান রাখার নির্দেশনা দিলে কী পরিস্থিতির উদ্ভব হবে সেটিও পরীক্ষা করা হচ্ছে। আর আদেশ মেনে দরপত্র প্রক্রিয়া নতুন করে শুরু করলে নৌ-মন্ত্রণালয়ের গত আড়াই বছর নেওয়া সিদ্ধান্ত থেকে পিছু হটতে হবে। এসব বিষয়ে জানতে গত শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একটি অনুষ্ঠানে থাকায় পরে কথা বলবেন বলে জানান। গতকাল রোববার আবার মুঠোফোনে যোগযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন না ধরায় এ বিষয়ে তাঁর মতামত জানা সম্ভব হয়নি। তবে সম্প্রতি দায়িত্ব নেওয়া মন্ত্রণালয়ের নতুন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম গত শনিবার প্রথম আলোকে বলেন, এ বিষয়ে বন্দরকে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।বন্দর বোর্ডের সাবেক সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, ‘আড়াই বছর আগে নৌপরিবহন মন্ত্রণালয় এই দরপত্র উদ্দেশ্যমূলকভাবে বাতিল না করলে এত দিন টার্মিনালটি পরিপূর্ণভাবে চালু হয়ে যেত। বন্দরের কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা বাড়ত বর্তমানের চেয়ে দ্বিগুণেরও বেশি। এখন সরকারের উচ্চপর্যায়ে বিশেষ পদক্ষেপ নিলে শেষদিকে হলেও টার্মিনালটি চালুর সুযোগ আছে বলে মনে করেন এই সাবেক কর্মকর্তা। প্রসঙ্গত, প্রথমবার আহ্বান করা দরপত্র জমা নেওয়ার এক দিন আগে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি দরপত্র-প্রক্রিয়া বাতিল করে নৌ-মন্ত্রণালয়। সে সময় বাছাই করা চারটি টার্মিনাল অপারেটর এই দরপত্রে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দরপত্র বাতিল করে নতুন করে প্রাকযোগ্য প্রতিষ্ঠান বাছাই-প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় বিশেষ প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দিতে দরপত্রের মূল শর্তগুলো শিথিল করা হয়। এরপর আপত্তির পরও সাইফ পাওয়ারটেক লিমিটেডসহ দুটি প্রতিষ্ঠানকে বাছাই করে আগের চারটিসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের কাছে দরপত্র বিক্রি হয়। গত ৩০ আগস্ট এই দরপত্র জমা নেওয়া হলে পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়।