আড়াই বছর পর গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মেয়র মান্নান। ফাইল ছবি
গাজীপুরের মেয়র মান্নান। ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এমএ মান্নান প্রায় আড়াই বছর পর সর্বোচ্চ আদালতের নির্দেশে মেয়রের চেয়ারে বসেছেন। রোববার বেলা ১টার দিকে এমএ মান্নান গাজীপুর আদালতে হাজিরা শেষে নগর ভবনে গিয়ে নিজ দপ্তরের চেয়ারে আসন গ্রহণ করেন। এর আগে এম এ মান্নান নগর ভবনে আসবেন, এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিএনপি পন্থী কাউন্সিলরগণ সিটি করপোরেশনের সামনে এসে উপস্থিত হন। 

বেলা একটার দিকে নগর ভবনের প্রধান ফটকের সামনে এমএ মান্নান কালো মাইক্রোবাস থেকে নামার পর দলীয় নেতা-কর্মী, কাউন্সিলর এবং সিটি করপোরেশনের কর্মচারীরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান। পরে মেয়র তার নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, বারবার আমাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমে আজকে এখানে বসতে পেরেছি। পুনরায় গাজীপুর মহানগরের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যে সব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার সে কাজ গুলো করা হবে।
এম এ মান্নান বলেন, সর্বোচ্চ আদালতের আদেশের পর মেয়রের দায়িত্ব পালনে আর কোনো অনুমতির প্রয়োজন নেই।
প্রসঙ্গত, যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এমএ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। এর পর একে একে তার বিরুদ্ধে সব মিলিয়ে ৩০টি মামলা দায়ের করা হলেও সব কটি মামলায় তিনি জামিন পেয়েছেন। তাঁর অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।