বিএনপির ‘দুর্গ’ হিসেবে খ্যাত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত আড়াই বছরে দলটি উল্লেখযোগ্য কোনো কর্মসূচি পালন করেনি। হয়নি কোনো সভা-সমাবেশ ও মিছিল। এ নিয়ে দলের তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে পৌরসভা নির্বাচনের সময় মেয়র পদে এ বি এম জিলানীকে মনোনয়ন দেওয়ায় দলের সক্রিয় নেতাদের একটি অংশ স্থানীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার বিরুদ্ধে অবস্থান নেন। দলের জ্যেষ্ঠ সহসভাপতি বদরুল আলম জিন্নাহ বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। তখন থেকে দলটি দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষের নেতৃত্ব দেন সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। অপর পক্ষের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তছলিম উদ্দিন ভূঁইয়া। তবে এ পক্ষটি বর্তমানে নিষ্ক্রিয় রয়েছে। দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জানান, বর্তমানে রায়পুর বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছেন সাংসদ আবুল খায়ের ভূঁইয়া-সমর্থিত উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম হাওলাদার ও পৌর বিএনপির আহ্বায়ক পৌরসভার মেয়র এ বি এম জিলানী। দেলোয়ার হোসেন নামের রায়পুর উপজেলা বিএনপির এক কর্মী বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত রায়পুরে দলের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো কর্মসূচি পালন করা হয়নি। স্থানীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে এলে নেতারা তাঁদের চেহারা দেখাতে তাঁর কাছে ভিড় জমান। চাটুকার এসব নেতা বছরের পর বছর পদ আঁকড়ে থাকায় দলের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।যোগাযোগ করা হলে সাংসদ আবুল খায়ের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চলছে। এ কারণে দলের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।